সর্বশেষ সংবাদ :

বাঘায় রাধা-গোবিন্দের নীলা কীর্তন অনুষ্ঠানে এমপি চাঁদ

বাঘা প্রতিবেদক: রাজশাহীর বাঘায় ব্যাপক আনন্দ-উৎসবের মধ্য দিয়ে অষ্টপ্রহরব্যাপী মহানাম যজ্ঞ এবং ১৬ প্রহরব্যাপী রাধা-গোবিন্দের নীলা কীর্তন অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানকে আলোকিত করেন চারঘাট-বাঘা আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সিনিয়র সদস্য আবু সাইদ চাঁদ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘার কৃতি সন্তান ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রথীন্দ্রনাথ দত্ত।
উপজেলার কেন্দ্রীয় পূজা মণ্ডপে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাবু মনিহরণ পান্ডে। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবু সাইদ চাঁদ বলেন, “আমি মজলুম মানুষের প্রতিনিধি। রাজনীতি করতে গিয়ে দীর্ঘ সময় দেশের বিভিন্ন কারাগারে জীবন কাটিয়েছি। এই দীর্ঘ সময়ে আমি আমার স্ত্রী ও গর্ভধারিণী মাকে হারিয়েছি। আমি অতীতের মতোই আপনাদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকবো। তিনি আরও বলেন,“যারা একসময় জান্নাতের টিকিট বিক্রির কথা বলেছিল, তারা সারদীয় দুর্গাপূজায় আপনাদের কাছে এসে ভোট চাইলেও এখন তাদের আর দেখা যাচ্ছে না। দাওয়াত দিলেও তারা আসবে কি না,তা নিয়েও সন্দেহ আছে। কারণ তারা স্বার্থের রাজনীতি করে, যা আমাদের দ্বারা সম্ভব নয়।”
বিশেষ অতিথির বক্তব্যে যুগ্ম সচিব রথীন্দ্রনাথ দত্ত বলেন,“কলিযুগে মানুষ ধর্মের অমৃত বাণী ভুলে অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে। অর্থবিত্ত ও লোভের মোহে আবদ্ধ হয়ে মানুষ সত্য ও সুন্দর পথ হারিয়ে ফেলছে। এই দুঃখ ও মায়া অতিক্রম করে পরিত্রাণ পেতে হলে আমাদের প্রেমময় শ্রীশ্রী রাধা-গোবিন্দের পূর্ণ পথে ফিরে আসতে হবে। তিনি ২৪ প্রহরব্যাপী মহানাম যজ্ঞ ও নীল কীর্তনের এ মিলনমেলায় উপস্থিত সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে সবার কাছে দোয়া কামনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সাধারণ সম্পাদক সুজিত কুমার (বাকু পান্ডে), বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল হাসান বাবলু, সাবেক উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা বিএনপি নেতা মুকলেছুর রহমান মুকুল, সুরুজ্জামান, পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, জেলা ছাত্রদলের সভাপতি শামীম সরকার, যুবদল নেতা সালেহ আহমেদ সালাম, আল আমিন জামাদার, শফিকুল ইসলাম, শ্রী ধীরেন্দ্রনাথ প্রামাণিক, শ্রী স্বপন সাহা, বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক, পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক অপূর্ব কুমার সাহা, আড়ানী হিন্দু সম্প্রদায়ের নেতা শ্রী রাম গোপাল সাহা, ডা. মিঠুন কুমারসহ অনেকে।


প্রকাশিত: May 3, 2026 | সময়: 4:30 am | সুমন শেখ