সর্বশেষ সংবাদ :

বার্জার পেইন্টসের নির্বাহী কর্মকর্তা মহসিন হাবিব চৌধুরি, ব্যবস্থাপনা পরিচালক রুপালি হক চৌধুরী

সানশাইন ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় রঙ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে মহসিন হাবিব চৌধুরীকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানির পরিচালনা পর্ষদ। কোম্পানির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৯ এপ্রিল অনুষ্ঠিত পর্ষদ সভায় সর্বসম্মতিক্রমে তাকে পাঁচ বছরের জন্য এই পদে নিয়োগ দেওয়া হয়। তার নিয়োগ আগামী ১ আগস্ট ২০২৬ থেকে কার্যকর হবে। তবে এই নিয়োগ বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের অনুমোদন এবং প্রযোজ্য আইন ও বিধিবিধানের আওতাধীন থাকবে।
বর্তমানে মহসিন হাবিব চৌধুরী প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার (সিওও) ও পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। ১৯৯৫ সালে তিনি বার্জার পেইন্টসে যোগ দেন এবং দীর্ঘ কর্মজীবনে বিক্রয়, বিপণন ও অপারেশন ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন। কোম্পানির প্রবৃদ্ধি ও বাজারে নেতৃত্ব প্রতিষ্ঠায় তার ভূমিকা উল্লেখযোগ্য বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। একই সভায় পরিচালনা পর্ষদ বর্তমান ব্যবস্থাপনা পরিচালক রুপালি হক চৌধুরীকে নতুন দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেয়। তিনি এক্সিকিউটিভ ডিরেক্টর (সাবসিডিয়ারিজ), কো-অর্ডিনেশন ডিরেক্টর (জয়েন্ট ভেঞ্চারস) এবং নন-এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে দুই বছরের জন্য দায়িত্ব পালন করবেন, যা ১ আগস্ট ২০২৬ থেকে কার্যকর হবে। রুপালি হক চৌধুরী ২০০২ সালে কোম্পানিতে যোগ দেন এবং ২০০৮ সাল থেকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার নেতৃত্বে প্রতিষ্ঠানটি উল্লেখযোগ্য সম্প্রসারণ ও কৌশলগত অগ্রগতি অর্জন করেছে। পরিচালনা পর্ষদ মহসিন হাবিব চৌধুরী ও রুপালি হক চৌধুরীর নেতৃত্ব, নিষ্ঠা এবং কোম্পানির প্রতি অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং ভবিষ্যতেও তাদের দিকনির্দেশনায় কোম্পানির টেকসই প্রবৃদ্ধি অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছে।


প্রকাশিত: May 3, 2026 | সময়: 4:29 am | সুমন শেখ