, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে মো. আব্দুল্লাহ (৩০) নামে এক ধর্ষণ চেষ্টা মামলার আসামিকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার দিবাগত রাত নয়টার দিকে আব্দুল্লাহকে মহানগরীর উপকণ্ঠ বেলপুকুর থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আব্দুল্লাহ দুর্গাপুর উপজেলার মাহেন্দ্রা এলাকার মৃত নুরুলের ছেলে। বৃহস্পতিবারে সকালে র্যাব-৫, রাজশাহীর মিডিয়া উইং এক সংবাদ এ তথ্য নিশ্চিত করেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ১৩ জুলাই একজন গৃহবধূ (২২) বাবার বাড়ি গাজীপুর হতে রাজশাহীর দুর্গাপুর উপজেলায় স্বামীর বাড়ী ফিরছিলেন। পুঠিয়া উপজেলার শিবপুরে বাস থেকে নেমে তিনি দুর্গাপুরে অটোরিকশায় যাচ্ছিলেন। এসময় অটোরিকশার সকল যাত্রী নেমে গেলে অটোচালক আব্দুল্লাহ পাট ক্ষেতে নিয়ে গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ করার চেষ্টা করেন। অটোচালক গৃহবধূর গলার স্বর্ণের চেইন এবং কানের দুলসহ কিছু নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দুর্গাপুর থানায় মামলা হয়। পরে বুধবার রাতে অভিযান চালিয়ে অটোচালক আব্দুল্লাহ গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার আসামিকে দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।