, , ।
স্পোটর্স রিপোর্টার: পাকিস্তানের সাথে টেস্ট সিরিজের সামনে রেখে চট্টগ্রামে অনুষ্ঠিত হয় তিন দিনের প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচে বাংলাদেশ দলের ক্রিকেটাররা লাল এবং সবুজ এই দুই টিমে বিভক্ত হয়ে প্রস্তুতি ম্যাচ খেলেন। এই প্রস্তুতি ম্যাচ শেষে টাইগাররা যোগ দেবেন ঢাকার ক্যাম্পে। মিরপুরে আগামীকাল (শনিবার) থেকে শুরু হতে যাওয়া এই ক্যাম্পে থাকবেন না সাকিব আল হাসান।
বিশ্বজুড়ে টি-টোয়েন্টি লিগ মাতিয়ে বেড়ানো বিশ্বসেরা অলরাউন্ডার বর্তমানে কানাডাতে গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলছেন। সেখানে খেলার জন্য বিসিবি থেকে তার ছাড়পত্র আছে ১২ আগস্ট পর্যন্ত। তাই নিশ্চিত ভাবেই টেস্টের অনুশীলনে থাকতে পারছেন না সাকিব। সাম্প্রতিক সময়ে ব্যাটিংয়ে বাজে সময় কাটাচ্ছেন সাকিব। চোখের সমস্যার কারণেও তার অবস্থান প্রশ্নের মুখে। এত সব কিছুর পরও কোনো প্রস্তুতি ছাড়াই পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলবেন সাকিব আল হাসান। কিন্তু এসব বিবেচনা করলে তিনি টেস্টের জন্য আসলে কতোটা প্রস্তুত এই প্রশ্ন থেকে যায়।
চলমান গ্লোবাল টি টোয়েন্টি লিগে সাকিবের দল যদি ফাইনালে যায় তাহলে সাকিবের টাইগারদের সাথে একই বিমানে পাকিস্তান যাওয়া অনেকটা অনিশ্চিত। তবে টেস্টের জন্য নিজেকে প্রস্তুত রাখছেন বলে বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপুকে জানিয়েছেন সাকিব আল হাসান।
সংবাদমাধ্যমের কাছে লিপু বলেন, সাকিব অনুশীলনের কোন সুযোগ পাবে না। সাকিবের সম্মতি আছে টেস্ট ম্যাচে অংশগ্রহণ করার। সে নিজেকে সেভাবেই প্রস্তুত করছে, আমার সাথে যতটুকু কথা হয়েছে। এছাড়া ডিপেন্ড করতেছে তার দল সেমিতে যাবে কিনা। এনওসি ১২ তারিখ অবধি দেওয়া আছে। দুইদিন আগে যখন কথা হলো জানিয়েছে খেলবে। আমি যতটুকু জানি সে আগে ঢাকা আসবে।
এর আগে বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছিলেন, সে টেস্টে অ্যাভেইলেবল (পাওয়া যাবে)। আমার সঙ্গে, বোর্ডের সঙ্গে, নির্বাচকদের সঙ্গে কথা হয়েছে। সময় যদি না থাকে, সে দুবাই থেকে সরাসরি (পাকিস্তানে) চলে যাবে। অথবা তাকে বলা হয়েছে ঢাকায় এসে দলের সঙ্গে দু-এক দিন অনুশীলন করে একই সঙ্গে যাওয়ার জন্য। তবে আশা করা যাই সাকিবকে পাকিস্তান সিরিজে পাওয়া যাবে।