বাঘায় শিক্ষক সংকটে ৭৪ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম ব্যাহত 

নুরুজ্জামান, বাঘা :
রাজশাহীর বাঘা উপজেলা জুড়ে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় দেখা দিয়েছে তীব্র শিক্ষক সংকট। উপজেলার ৭৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৪০টিতে সহকারী শিক্ষক এবং ৩৫ টিতে প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় শিক্ষা কার্যক্রম মারাত্মক ভাবে ব্যাহত হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে , বাঘায় প্রাথমিক বিদ্যালয় সমূহে শিক্ষক স্বল্পতার কারণে অনেক বিদ্যালয়ে একজন শিক্ষককে একাধিক শ্রেণির পাঠদান পরিচালনা করতে হচ্ছে। এতে করে শিক্ষার্থীরা পাঠ যথাযথ ভাবে বুঝতে পারছে না এবং সামগ্রিকভাবে শিক্ষার মান নিম্নমুখী হয়ে পড়ছে। বিশেষ করে প্রধান শিক্ষক না থাকায় বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমেও স্থবিরতা তৈরি হয়েছে।

নিয়মিত তদারকি, শিক্ষার্থীদের মূল্যায়ন এবং পাঠ পরিকল্পনার মতো গুরুত্বপূর্ণ বিষয় গুলো সঠিক ভাবে বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না।

অভিভাবকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই সমস্যা চললেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাদের আশঙ্কা, দ্রুত শিক্ষক নিয়োগ না হলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়বে। তারা আরও জানান, একজন শিক্ষককে একাধিক শ্রেণি সামলাতে পাঠদানের মান কমে যাচ্ছে এবং শিক্ষার্থীদের নিয়মিত মূল্যায়ন বাধাগ্রস্ত হচ্ছে। ফলে অনেক ক্ষেত্রে শিক্ষার্থীদের উপস্থিতি ও আগ্রহও কমে যাচ্ছে।

এলাকার সচেতন মহল বলছে, পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। দ্রুত শূন্য পদে শিক্ষক নিয়োগ ও পদায়নের মাধ্যমে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করার দাবি তাদের।

এ বিষয়ে বাঘা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মীর মামুনুর রহমান জানান, উপজেলার শিক্ষক সংকটের বিষয়টি ইতোমধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়-এ লিখিত ভাবে জানানো হয়েছে। তিনি বলেন, সারাদেশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হলে বাঘার এই সংকট অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হবে।

সানশাইন /শামি


প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৬ | সময়: ৮:৩১ অপরাহ্ণ | Daily Sunshine