সর্বশেষ সংবাদ :

বাঘায় স্বাধীনতা দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার,বাঘা :
রাজশাহীর বাঘায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা, কুচকাওয়াজ, সাংস্কৃতিক কার্যক্রম এবং সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনটি হয়ে উঠেছিল গৌরব ও স্মৃতিচারণের এক অনন্য উপলক্ষ।
সকালে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে  ৩১ বার তপধ্বনি ও পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়। এরপর সকাল ৮ টায় বাঘা শাহদৌল্লা সরকারি কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার। এ সময় তার পাশে অবস্থান করছিলেন বাঘা থানা অফিসার ইনচার্জ সিরাজুল হক।

জাতীয় পতাকা উত্তোলন শেষে নির্বাহী অফিসার তার বক্তব্যে  বলেন, আজকে সারা দেশব্যাপী যে দিনটি উদযাপন হচ্ছে এটি ধারে পাওয়া নয়।  এই আমার ভাইয়ের রক্ত দিয়ে কেনা।  ১৯৭১ সালে রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে এদেশের মুক্তিকামী জনতা পাক সেনাদের সাথে যুদ্ধ করে স্বাধীনতা ছিনিয়ে এনেছিল।

তিনি বলেন, আমরা আজকের দিনের অনেক ঘটনা হয়তো ভুলে যাব। কিন্তু দেশ স্বাধীনের জন্য রক্তক্ষয়ী যুদ্ধের কথা আমরা কোনদিনও ভুলতে পারবো না। তিনি যাদের রক্তের বিনিময়ে এ স্বাধীনতা অর্জিত হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনায় সকলের জন্য দোয়া কামনা করেন।

সবশেষে বিভিন্ন স্কুল থেকে আগত  শিক্ষার্থীদের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। একই সাথে এদেশের লড়াকু সৈনিক মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়।
আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  উপজেলা সরকারি কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলিসহ সকল অফিসার বৃন্দ। বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল হাসান বাবলু, পৌর বিএনিপর সভাপতি কামাল হোসেন ও সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, সাবেক উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, বিএনপি নেতা মোখলেছুর রহমান মুকুল ও যুবদল নেতা সালে আহমেদ সালাম সহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ  ও সুশীল সমাজে নেতৃবৃন্দ।

সানশাইন /শামি


প্রকাশিত: March 26, 2026 | সময়: 2:43 pm | Daily Sunshine