, , ।
স্টাফ রিপোর্টার :
রাজশাহীর ১৭-নং ওয়ার্ডের ভাড়ালিপাড়া এলাকায় দীর্ঘ ৯ বছর ধরে শয্যাশায়ী এক অসহায় ব্যক্তির পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন ‘সার্বজনীন’। পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ছড়িয়ে দিতে ঈদের আগের দিন এক মহতী অনুষ্ঠানের মাধ্যমে ওই ব্যক্তিকে একটি নতুন হুইলচেয়ার উপহার দেওয়া হয়। এক অনিচ্ছুক দাতার আর্থিক সহযোগিতায় এই উপহার পৌঁছে দেয় সংগঠনটি।
হুইলচেয়ারটি হাতে পাওয়ার পর আবেগাপ্লুত হয়ে পড়েন ওই যুবক।
দীর্ঘ সময় চলাফেরায় অক্ষম থাকার পর নতুন এই বাহন পেয়ে তার চোখে আনন্দের অশ্রু দেখা যায়। এসময় সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
উপহার হস্তান্তরকালে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা রফিকুল ইসলাম রবি, সহ-সভাপতি মাসুদুল হক মৃধা মমিন, বিপ্লব, জয় সরকার, ফাহিম এবং সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও ১৮-নং ওয়ার্ড দলনেতা মোহন আলী।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে তাদের কাছে আরো ৮টি হুইলচেয়ার এবং ২টি নলকূপ মেরামতের জন্য আবেদন জমা রয়েছে। সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তারা বলেন, সবার সহযোগিতা পেলে দ্রুতই এই বাকি কাজগুলোও সম্পন্ন করা সম্ভব হবে।
উল্লেখ্য, সংগঠনটি দীর্ঘ ১৮ বছর ধরে রাজশাহীর বিভিন্ন প্রান্তরে রক্তদান, শীতবস্ত্র বিতরণ, মানবিক ডাক্তারের চেম্বার, দাতা সংস্থার সহযোগিতায় চোখে লেন্স স্থাপন, নৈশ বিদ্যালয় ও নলকূপ স্থাপনের মতো বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
সানশাইন /শামি