সর্বশেষ সংবাদ :

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীতা জানান দিয়ে ব্যানার-ফেস্টুনে নেতাদের ঈদ শুভেচ্ছা

নুরুজ্জামান,বাঘা :
ঈদ শুভেচ্ছা সংবলিত ব্যানার ,ফেস্টুন ,পোষ্টার ও গেট নির্মানে ছেয়ে গেছে রাজশাহীর বাঘা উপজেলা । এখানে দুটি রাজনৈতিক দলের নেতারাই মূলত এবার ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। তবে এই শুভেচ্ছা সংবলিত ফেস্টুন সাঁটানোর মধ্যে সরকারদলীয় নেতারাই বেশি এগিয়ে। তাঁরা নিজেদের পরিচয় তুলে ধরে স্থানীয় সরকার নির্বাচনের আগাম জানান দিয়ে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ।

বাঘার স্থানীয় লোকজন জানান, ঈদ মানে আনন্দ। তার সাথে বাড়তি উৎসব ৫০০ শ বছরের ঐতিহ্যপূর্ণ ঈদ মেলা। তবে এ মেলা দেশের সবস্থানে হয় না । ইতিহাস সম্বলিত ঐতিহ্য ধারণ করে চলেছে রাজশাহীর বাঘাবাসী। ঈদের দিন থেকে শুরু হয় এ মেলা। চলে প্রায় দুই সপ্তাহ ব্যাপী। এ মেলায় শুধু বাঘাবাসী নয়, আশ-পাশের বিভিন্ন জেলা-উপজেলার মানুষের মধ্যেও ঈদ আনন্দের সঙ্গে বাড়তি আনন্দের খোরাক যোগায় হযরত শাহদৌলার মাজার কেন্দ্রীক ওরশ মোবারক। এ ছাড়াও এখানে অনুষ্ঠিত হয় ঈদের বিশাল জামায়াত। অনেকেই বলে থাকেন, দেশের সবচেয়ে বড় জামায়াত শোলাকিয়ার পরে বাঘার স্থান।

সরেজমিন ঘুরে দেখা গেছে, বাঘা পৌর এলাকার বিভিন্ন রাস্তা ও মোড়ে ঈদ শুভেচ্ছা সংবলিত ফেস্টুন-ব্যানারের ছড়াছড়ি। এ ছাড়া সরকারি-বেসরকারি স্থাপনা এবং রাস্তা সংলগ্ন বিভিন্ন বাসা-বাড়ির দেয়াল দখল করে রেখেছে অসংখ্য পোস্টার। উদ্দেশ্য আগামী দিনে স্থানীয় সরকার কতৃক অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ, পৌর সভা ও উপজেলা নির্বাচন উপলক্ষে-মেয়র, উপজেলা চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান হিসাবে নিজেদের পরিচয় জাহির করে ঈদের শুভেচ্ছা বার্তা জানান দেওয়া ।

বাঘায় ঈদের শুভেচ্ছা জানান দিয়ে ইতোমধ্যে বেশ কিছু গেট নির্মান এবং বিলবোড সাটিয়েছেন রাজশাহী জেলা ছাত্রদলের আহবায়ক শামিম সরকার।বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন ,পৌর জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক সাইফুল ইসলাম, রাজশাহী জেলা যুবদলের সাবেক সহ সভাপতি সালে আহাম্মেদ, জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা যুবদলের সদস্য সচিব শফিকুল ইসলাম শফি, জেলা যুবদলের আহবায়ক কমিটির অপর সদস্য আল আমিন জমাদার এবং সাবেক উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি সহ আরো অনেকে। এদের মধ্যে কেউ-কেউ বিভিন্ন পদে নির্বাচন করবেন বলে ফেস্টুন-ব্যানারে দোয়া চেয়েছেন। আবার অনেকেই শুধু ঈদ শুভেচ্ছা জানিয়েছেন। তবে খোঁজ নিয়ে জানা গেছে , সবার উদ্দেশ্য স্থানীয় সরকার কতৃক পরিচালিত সামনের নির্বাচনের প্রস্তুতি।

রাজশাহী জেলা ছাত্র দলের আহবায়ক শামিম সরকার ইতোমধ্যে বিভিন্ন এলাকায় গিয়ে প্রচার-প্রচারনা চালাচ্ছেন, আগামিতে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হবেন। যা স্পষ্ট অক্ষরে লেখা রয়েছে তাঁর ঈদ শুভেচ্ছা সম্বলিত বিল বোড এবং গেট নির্মানের ব্যানারে।

অপর দিকে বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন ও পৌর জামাতে ইসলামীর আমির অধ্যাপক সাইফুল ইসলাম জানিয়েছেন, তাঁরা বিগত সরকার আমলে পৌর নির্বাচনে ভোট করে কারচুপি হওয়ার কারনে জয়ী হতে না পারলেও এবার আসন্ন পৌর নির্বাচনে বিজয়ের স্বপ্ন দেখছেন । এদিক থেকে নবাগত মেয়র প্রার্থী তালিকায় রয়েছেন সালে আহাম্মেদ ও আল আমিন জমাদার । এ ছাড়াও উপজেলা ভাইস চেয়াম্যান হওয়ার স্বপ্ন দেখছেন শফিকুল ইসলাম শফি।

তবে এসব ফেস্টুন-ব্যানার ও গেট নির্মানের বিষয়ে এলাকাবাসীদের বক্তব্য, রাজনৈতিক নেতারা তাঁদের নিজেদের পরিচয় জাহির করে স্থানীয় সরকার নির্বাচনের আগাম প্রচারনা জানান দিয়ে রঙ ছড়াচ্ছেন । তবে অনেকেই এটাকে নির্বাচনের প্রস্তুতি এবং প্রচারনা বলে ইতিবাচক মন্তব্য করেছেন।

সানশাইন /শামি


প্রকাশিত: March 17, 2026 | সময়: 11:17 am | Daily Sunshine