সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে এমপি মিলন

স্টাফ রিপোর্টার :

রাজশাহীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার নগরীর সিএন্ডবি মোড়ে একটি নানকিং কমিউনিটি সেন্টারে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক এবং রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন।

ইফতার মাহফিলে এডভোকেট শফিকুল হক মিলনসহ অন্যান্য নেতৃবৃন্দ রোজা পালনের তাৎপর্য ও এর নৈতিক শিক্ষার ওপর আলোকপাত করেন। তারা ঐক্য ও সাম্যের ভিত্তিতে বাংলাদেশ বিনির্মাণে সকলের সহযোগিতা কামনা করেন। একইসঙ্গে রাজশাহীকে একটি নিরাপদ ও সুন্দর নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও রাজশাহী মহানগর শাখার সভাপতি মাওলানা কেরামত আলী সভাপতিত্বে আরোও উপস্থিত ছিলেন জামায়াত নেতা ডা. জাহাঙ্গীর, জামায়াত নেতা আবুল কালাম আজাদ, রাজশাহী মহানগর জামায়াতের সাধারণ সম্পাদক এমাজ উদ্দিন, রাজশাহী বার সমিতির সভাপতি সিনিয়র আইনজীবী আবুল কাশেম সরকার, রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতি ওয়ালিউল হক রানা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাঈন উদ্দীন, রাজশাহী বার সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট জমসেদ আলী, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মাসুদুর রহমান রিংকু ও পরিচালক সাইফুল ইসলাম হিরোকসহ এগারো দলীয় জোটের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিশিষ্টজন ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।

শেষে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সৌরভ /শামি


প্রকাশিত: March 7, 2026 | সময়: 7:55 pm | Daily Sunshine