সর্বশেষ সংবাদ :

সত্য ও ন্যায়ের পক্ষে রায় দেওয়ার আহ্বান-অধ্যাপক মুজিবুর রহমানের

সাইফুল ইসলাম, গোদাগাড়ী :

রাজশাহী-১ (গাদাগাড়ী-তানোর) আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান নির্বাচনী গণসংযোগে ভোটারদের আকৃষ্ট করতে পথে-পথে দোকানে-দোকানে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে গোলাপ ফুল উপহার দিয়ে কুশল বিনিময় করেন। এমন শান্তিপূর্ণ প্রচার প্রচারণার মাধ্যমে ভোটারদের মধ্যে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হয়েছে।
ফুল শুভেচ্ছা বিনিময় সময় তিনি বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে রায় দিতে ভোটারদের দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেবল একজন জনপ্রতিনিধি বাছাইয়ের বিষয় নয়; এটি ন্যায় ও অন্যায়, সত্য ও মিথ্যার মধ্যে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আর গণভোটে ’হ্যাঁ’ জিতলেই, জিতবে জনগণ।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল দশটায় থেকে বেলা ১২টা পর্যন্ত গোদাগাড়ী পৌর এলাকায় ডাইংপাড়া বাজার ও ভগমন্তপুর হাটে নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। এরপর তিনি গোদাগাড়ী পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ও বিকেলে উপজেলার গোগ্রাম ইউনিয়নের বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের সঙ্গে গণসংযোগ করেন। এ সময় তিনি ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ, কৃষক, তরুণ ও সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং এলাকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।
গণসংযোগকালে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, দাঁড়িপাল্লা প্রতীক হচ্ছে ন্যায়, সততা ও জবাবদিহিমূলক রাজনীতির প্রতীক। দীর্ঘদিন ধরে দেশের মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, দিনের ভোট রাতে হওয়ার মতো অনিয়ম গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছে। এই বাস্তবতা থেকে উত্তরণে জনগণের সচেতন সিদ্ধান্তই পারে সঠিক নেতৃত্ব প্রতিষ্ঠা করতে।

তিনি আরও বলেন, আমি ক্ষমতার জন্য নয়, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য নির্বাচনে এসেছি। সংসদে গেলে রাজশাহী-১ আসনের মানুষের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, কৃষি ও অবকাঠামোগত উন্নয়নের বিষয়গুলো অগ্রাধিকার ভিত্তিতে তুলে ধরব। একই সঙ্গে দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করব।
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, একটি জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হলে সৎ ও যোগ্য প্রতিনিধিকে নির্বাচিত করা জরুরি। তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে হবে এবং সত্য ও ন্যায়ের পক্ষে রায় দিতে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিতে হবে।

গণসংযোগকালে তিনি যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি, নারীর নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা, কৃষক ও শ্রমিকের ন্যায্য অধিকার আদায় এবং সামাজিক বৈষম্য দূর করার প্রতিশ্রæতি দেন। তিনি আরও বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিতকরণ এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতিশ্রæতিবদ্ধ। তারা আগামী নির্বাচনে জনগণের সমর্থন ও দোয়া কামনা করেন। এ সময় স্থানীয় নেতাকর্মী ও বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

সাইফুল ইসলাম/শামি


প্রকাশিত: February 7, 2026 | সময়: 11:34 pm | Daily Sunshine