সর্বশেষ সংবাদ :

রাজশাহী জেলা ক্রীড়াঙ্গনে ঈর্ষনীয় সাফল্য অর্জন শিক্ষার্থী সারিকার

নুরুজ্জামান,বাঘা :
রাজশাহী জেলায় ক্রীড়াঙ্গনে উজ্জ্বল সাফল্যের নজির স্থাপন করেছে বাঘা উপজেলার কিশোরী শিক্ষার্থী সারিকা জান্নাত নিহা। বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জেলা পর্যায়ে ব্যাডমিন্টনের একক ও দ্বৈত উভয় বিভাগে চ্যাম্পিয়ন হয়ে অসাধারণ কৃতিত্ব অর্জন করেছে নিহা। তাঁর এই সাফল্যে গর্বিত বাঘা উপজেলার সর্বস্তরের মানুষ।

সারিকা জান্নাত নিহা (১৫) বাঘা উপজেলার ০২ নং গড়গড়ি ইউনিয়নের দাদপুর গড়গড়ি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। তার পিতা মৃত আব্দুল মোত্তালিব, যিনি আব্দুল গণি কলেজের সাবেক অধ্যক্ষ ছিলেন। চার বোনের এই পরিবারে ভাই না থাকলেও পরিবারের সদস্যরা নিহার পড়াশোনা ও খেলাধুলায় সবসময় সার্বিক সহযোগিতা করে আসছেন।

এই প্রতিযোগিতায় রাজশাহী জেলার বিভিন্ন উপজেলা থেকে অংশগ্রহণ করে সেই সকল শিক্ষার্থী, যারা উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে জেলা পর্যায়ে উন্নীত হয়। কঠিন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই সংগ্রামে নিজের দক্ষতা, আত্মবিশ্বাস ও ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে নিজেকে সেরা প্রমাণ করে সারিকা জান্নাত নিহা এলাকায় ব্যাপক সুনাম আর্জন করেছে। রাজশাহী জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শনের মাধ্যমে সে একক ও দ্বৈত- দুই বিভাগেই জেলা চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করে। তার খেলায় মুগ্ধ হন দর্শক ও সংশ্লিষ্ট ক্রীড়া কর্মকর্তাগণ।

বাঘার সুশীল সমাজের লোকজন বলেন, খেলাধুলা হলো এমন একধরনের কাজ যা বিনোদনের জন্য অথবা কখনো কখনো জ্ঞান অর্জনের সরঞ্জাম হিসাবে গণ্য করা হয়। এটা বিনোদনের একটি স্বতন্ত্র মাধ্যম যা শুধু আনন্দ উপভোগের জন্য অথবা পুরস্কারের জন্য করা হয়। খেলাধুলা সাধারণত কাজের চেয়ে কিছুটা ভিন্ন। এসব মূলত ঐতিহ্য, সৌন্দর্যবোধ ও মিত্রতা রক্ষার্থে আয়োজন করা হয়। আমরা গর্বিত সারিকা জান্নাত নিহা বাঘাবাসীর মান রক্ষা করেছে।

এদিকে খেলা শেষে জেলা থেকে পুরস্কারের পাশা-পাশি বাঘা উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার সারিকা জান্নাত নিহাকে উৎসাহ ও সম্মাননা হিসেবে একটি ডায়েরি ও দুটি কলম প্রদান করে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় উপস্থিত অতিথিরা নিহার উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করে খেলা-ধুলার প্রতি উৎসাহ দেন।

সানশাইন/শামি


প্রকাশিত: January 17, 2026 | সময়: 5:33 pm | Daily Sunshine

আরও খবর