সর্বশেষ সংবাদ :

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান আর নেই

সানশাইন ডেস্ক :

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান আর নেই। বুধবার বিকেল ৩টায় রাজধানীর নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন টাঙ্গাইল-৫ আসনের এই সাবেক সংসদ সদস্য (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বর্ষীয়ান এই রাজনীতিবিদের মৃত্যুর খবর নিশ্চিত করে জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু জানান, আগামীকাল বৃহস্পতিবার বাদ জোহর টাঙ্গাইল শহরের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

১৯৩৬ সালে টাঙ্গাইলের মাকোরকোল গ্রামে জন্মগ্রহণ করা মাহমুদুল হাসান তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি রাষ্ট্রপতি এরশাদের শাসনামলে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বিএনপি সরকারের আমলেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

রাজনৈতিক জীবনে ১৯৮৮ সালে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। পরে তিনি ১৯৯৬ ও ২০০১ সালে বিএনপি থেকে নির্বাচিত হন এবং ২০১২ সালের উপনির্বাচনে পুনরায় সংসদ সদস্য হন।

সূত্র : news24

সানশাইন /শামি


প্রকাশিত: December 31, 2025 | সময়: 11:11 pm | Daily Sunshine

আরও খবর