বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসমূহের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও চর্চাকে আরও সুসংহত করতে রক্ষাগোলা সমন্বয় কমিটি ও রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমীর সমন্বিত উদ্যোগ গ্রহণের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সিসিবিভিও’র আয়োজনে এবং ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড, জার্মানীর সহায়তায় রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমীর অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। সভাটি “ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর গ্রামভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচী”-এর আওতায় আয়োজন করা হয়। মতবিনিময় সভার প্রতিপাদ্য ছিল “নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক উপাদান সংরক্ষণ ও চর্চায় উৎসাহ প্রদানে যথাযথ পদক্ষেপ গ্রহণ”। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমীর পরিচালক হরেন্দ্রনাথ সিং। সভাপতিত্ব করেন সিসিবিভিও’র সভাপতি প্রফেসর মো: আবদুস সালাম।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিসিবিভিও’র নির্বাহী প্রধান ও রক্ষাগোলা মডেলের গবেষক মো: সারওয়ার-ই-কামাল। তিনি বলেন, নৃ-গোষ্ঠীর ভাষা, সংস্কৃতি, জীবনধারা ও ঐতিহ্য টিকিয়ে রাখতে প্রাতিষ্ঠানিক উদ্যোগের পাশাপাশি গ্রামভিত্তিক কার্যকর কর্মসূচি গ্রহণ অত্যন্ত জরুরি। এক্ষেত্রে রক্ষাগোলা মডেল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
অন্যান্য বক্তাদের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গোলাম সারওয়ার, মাসাউসের নির্বাহী পরিচালক মেরিনা হাঁসদা, সিসিবিভিও’র সমন্বয়কারী আরিফ ইথার এবং রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সুধীর সরেন। বক্তারা বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক উপাদান সংরক্ষণে সরকার, বেসরকারি সংস্থা ও স্থানীয় জনগোষ্ঠীর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
সভায় আরও উপস্থিত ছিলেন দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার মামুন-অর-রশিদ, গ্লোবাল টেলিভিশন ও দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি আব্দুল বাতেনসহ বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধি, নাগরিক সমাজের প্রতিনিধি, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উপরি কাঠামোর প্রতিনিধি এবং সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।
সভায় কী-নোট উপস্থাপন করেন সিসিবিভিও’র ঊর্ধ্বতন কর্মসূচি কর্মকর্তা নিরাবুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিসিবিভিও’র সহ-সমন্বয়কারী মো: শাহাবুদ্দিন। মতবিনিময় সভা শেষে অংশগ্রহণকারীরা নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক চর্চা জোরদার করতে সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।