সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে স্ট্যান্ডার্ড ব্যাংক নতুন ঠিকানায় স্থানান্তর

স্টাফ রিপোর্টার:

শরিয়াহ্ ভিত্তিক আধুনিক ইসলামি ব্যাংকিং সেবা রাজশাহীর মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড রাজশাহীতে নতুন শাখা চালু করেছে। রবিবার সকালে নগরীর ব্যস্ততম বাণিজ্যিক এলাকা আলুপট্টি মোড়ে দোয়া মাহফিল ও ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে শাখার কার্যক্রম উদ্বোধন করা হয়। এ সময় এলাকার ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি, ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীসহ বহু মানুষ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মোঃ শহিদুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোঃ গোলাম মোস্তফা, ই–ডি প্রয়াস মানবিক উন্নয়ন সংস্থার পিপুল কুমার এবং মোঃ হাসিব হোসেনসহ অন্যান্য অতিথিবৃন্দ।

নতুন শাখা উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, শরিয়াহ্ ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা বর্তমানে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গ্রাহকের আস্থা, স্বচ্ছ লেনদেন, সুদমুক্ত আর্থিক কাঠামো এবং ঝুঁকি–নিয়ন্ত্রিত বিনিয়োগ ব্যবস্থার কারণে ইসলামি ব্যাংকিং ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে।

স্ট্যান্ডার্ড ব্যাংকের কর্মকর্তারা জানান, নতুন এই শাখায় গ্রাহকদের জন্য সঞ্চয় ও চলতি হিসাব, ডিপোজিট স্কিম, বিনিয়োগ সুবিধা, রেমিট্যান্স সেবা, অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, এটিএম সুবিধা, এলসি ও ট্রেড সার্ভিসসহ সব ধরনের আধুনিক ব্যাংকিং সুবিধা নিশ্চিত করা হবে। পাশাপাশি নারী উদ্যোক্তা, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের (এসএমই) জন্য আলাদা কাউন্টার ও বিশেষ সুবিধা থাকবে।

ব্যাংকটির দায়িত্বশীলরা আরও জানান, রাজশাহী অঞ্চল ব্যাংকিং ও বাণিজ্যিক কর্মকাণ্ডের জন্য অত্যন্ত সম্ভাবনাময়। কৃষি, রেশম, আম শিল্প, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে ব্যাপক কর্মসংস্থান তৈরি হচ্ছে। এসব খাতে সহজ শর্তে বিনিয়োগ ও লেনদেনের সুযোগ দিতে নতুন শাখাটি বিশেষ ভূমিকা রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানের পর দোয়া অনুষ্ঠিত হয় এবং ব্যাংকের সফলতা, গ্রাহকদের উন্নতি ও দেশের সার্বিক অগ্রগতির জন্য মোনাজাত করা হয়।

নতুন শাখা চালুর মাধ্যমে রাজশাহীর মানুষ এখন আরও সহজে, নিরাপদে ও শরিয়াহ্ ভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা পাওয়ার সুযোগ পাবেন বলে আশা প্রকাশ করেন কর্মকর্তারা।

সবুজ/শামি


প্রকাশিত: December 7, 2025 | সময়: 6:55 pm | Daily Sunshine