সর্বশেষ সংবাদ :

রাজশাহী-৬ আসনে আবু সাইদ চাঁদ বিএনপির প্রার্থী, এলাকায় আনন্দের বন্যা

নুরুজ্জামান,বাঘা :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে আবু সাঈদ চাঁদের নাম ঘোষনা করা হয়েছে। সোমবার বিএনপির গুলশান কার্যালয় থেকে নাম ঘোষনা করেন বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর। নাম ঘোষনায় আবু সাইদ চাঁদের নাম প্রকাশের সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়লে চারঘাট-বাঘায় আনন্দ উল্লাসে ফেটে পড়েন বিএনপির তৃনমুলের ভোটার-সহ সর্বস্তরের জনতা। আবু সাইদ চাদ আ’লীগ সরকারের সময়কালিন দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রামে সোচ্চার থাকায় কয়েক দফা হাজতবাস করেছেন। তাই চাঁদকে দলীয় প্রার্থী মনোনীত করায় অনেকেই আনন্দে কেঁদে ফেলেন।

ইতিপুর্বে একাধিক সংসদ নির্বাচনে চারঘাট-বাঘার মানুষ মনোনয়ন থেকে বার বার বঞ্চিত হয়েছিল। তাই মানুষের প্রাণের দাবি ছিল এবার আবু সাঈদ চাঁদকে মনোনয়ন দেয়ার। চারঘাট-বাঘার মানুষের মনের ভাষা বুঝতে পেরেছে দলীয় হাই কমান্ড। তবে সর্বস্তরের মানুষ কাধে কাধ মিলে আগামীর নির্বাচনে ধানের শীষে ঐক্যবদ্ধ ভাবে বিজয়ী করতে কাজ করবে বলে দাবি চারঘাট-বাঘার সর্বস্তরের মানুষের।

আবু সাইদ চাদ বলেন, আন্দোলন সংগ্রামে নিজের জীবন বাজী রেখে চারঘাট-বাঘার মানুষের কল্যানে নিজেকে বিলিয়ে দিয়েছি। চারঘাট-বাঘার মানুষের কল্যানে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে দেশের ১২ টি জেলায় আমার বিরুদ্ধে ৮৫ টি মামলা হয়েছে। জীবনের অধিকাংশ সময় আমার জেল খানায় কেটেছে। জেল খাটতে গিয়ে আমি আমার গর্ভধারিনী মাকে হারিয়েছি। হারিয়েছি প্রানপ্রিয় সহধর্মীনিকে। তবুও ফ্যাসিস্ট আওয়ামীগ সরকার আমাকে দমিয়ে রাখতে পারেনি। পারেনি চারঘাট-বাঘার মাটি ও মানুষের কাছ থেকে সরিয়ে রাখতে। আগামী নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ ভাবে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনগনকে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান চারঘাট-বাঘার গনমানুষের হৃদয়ের স্পন্দন আবু সাইদ চাদ।

এদিকে রাজশাহীর সব আসনেই বিএনপির মনোনয়ন ঘোষনা করা হয়েছে। রাজশাহীর অন্য আসনগুলোর মধ্যে যারা মনোনয়ন পেয়েছেন তারা হলো- রাজশাহী-১ আসনে মেজর (অব) শরীফ উদ্দিন, রাজশাহী-২ আসনে মিজানুর রহমান মিনু, রাজশাহী-৩ আসনে শফিকুল হক মিলন, রাজশাহী- ৪ আসনে ডিএম জিয়াউর রহমান ও রাজশাহী-৫ আসনে নজরুল ইসলাম।

এ দিক থেকে রাজশাহীতে যারা এবার দলীয় মনোনয়ন পেয়েছেন তাদের মধ্যে একেবারে নবাগত এবং প্রথম বারের মতো দলীয় মনোনয়ন পেয়েছেন রাজশাহী ১ আসনে মেজর জেনারেল (অবঃ) শরিফ উদ্দিন এবং ৪ আসন থেকে ডি.এম জিয়াউর রহমান। অবশিষ্ট সকল প্রার্থী প্রবীন রাজনীতিবীদ বলে নিশ্চিত করেন দলীয় নেতা-কর্মীরা।

সানশাইন /শামি


প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৫ | সময়: ৯:৪০ অপরাহ্ণ | Daily Sunshine