, , ।
স্টাফ রিপোর্টার: চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে রাজশাহীতে এক প্রতারককে গ্রেপ্তার করেছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ। স্থানীয় জনতার সহায়তায় গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম জিল্লুর রহমান (৩৫)। তিনি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার মণ্ডলবাড়ী গ্রামের মো. ইসলাম মণ্ডলের ছেলে। বর্তমানে তিনি রাজশাহীর দড়িখরবোনা ভাটাপুকুর এলাকায় বসবাস করছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী নুরুজ্জামান তানিম জানান, তিনি ‘জব নিউজ ইন রাজশাহী’ নামক একটি ফেসবুক গ্রুপে ‘বেস্ট সাফা লিমি.’ নামের এক প্রতিষ্ঠানের চাকরির বিজ্ঞাপন দেখতে পান, যেখানে বলা হয়েছিল রাজশাহীতে বিভিন্ন পদে ২০ জন কর্মী নিয়োগ দেওয়া হবে এবং কোনো ঘুষ বা জামানতের প্রয়োজন নেই।
বিজ্ঞাপনে দেওয়া ঠিকানা অনুযায়ী তানিম গত ৩০ এপ্রিল মহানন্দা স্কুল অ্যান্ড কলেজে ভাইভার জন্য গেলে আরও কয়েকজন প্রার্থীকে সেখানেই পান। ভাইভার সময় জিল্লুর রহমান নিজেকে প্রতিষ্ঠানের প্রতিনিধি পরিচয় দিয়ে তানিমের কাছে জামানত বাবদ ১০ হাজার টাকা দাবি করেন।
তানিম বিষয়টি সন্দেহজনক মনে করে অন্য প্রার্থীদের সঙ্গে কথা বললে জানা যায়, তাদের মধ্যেও অন্তত দু’জন ইতিমধ্যেই ওই অর্থ দিয়েছেন। পরে সকলে মিলে জিল্লুরকে আটক করে পুলিশে খবর দেন।
বোয়ালিয়া থানা পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে হেফাজতে নেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জিল্লুর রহমান প্রতারণার বিষয়টি স্বীকার করেছেন। তার বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।