বাঘা থানায় দায়েরকৃত দুটি মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী ঢাকা থেকে গ্রেফতার

স্টাফ রিপোর্টার,বাঘা :
রাজশাহীর বাঘা থানায় দায়েরকৃত দু’টি মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামী কাওছার আলীকে গ্রেফতার করেছে পুলিশ।বহুদিন পলাতক থাকার পর বৃহস্পতিবার(২২অক্টবর)ভোর রাতে ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বাঘা থানা পুলিশের একজন মুখপাত্র জানান, উপজেলার আড়ানী এলাকার নুর নগর গ্রামের মাদক সম্রাট মোঃ কাওছার আলী (৫০) দু’টি মাদক মামলায় সাজা ওয়ারেন্ট মাথায় নিয়ে দির্ঘদিন পালিয়ে ছিলো। বাঘা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর রাতে বিশেষ অভিযান চালিয়ে ঢাকার একটি আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করেন।

স্থানীয় লোকজন জানান, বক্কার আলীর ছেলে মাদক সম্রাট কাওছার আলী প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বছরের-পর বছর মাদক ব্যবসা করে আসছিল। তবে শেষের দিকে এসে তার নামে পুলিশ-ডিবি এবং র্যাব কর্তৃক বেশ কয়েকটি মামলা হয়। এর মধ্যে দুটি মাদক মামলায় সাজা ওয়ারেন্ট নিয়ে সে ঢাকায় বসে মাদক কারবার চালাচ্ছিল। শেষ পর্যন্ত আর রক্ষা হলো না। তিনি গ্রেফতার হওয়ায় এলাকার লোকজন খুশি হয়ে বাঘা থানা পুলিশকে সাধুবাদ জানিয়েছেন।

বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি) আ.ফ.ম আসাদুজ্জামান জানান, ধৃত মাদক সম্রাট মোঃ কাওছার আলী কে বৃহস্পতিবার দুপুরে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৫ | সময়: ৭:৫০ অপরাহ্ণ | Daily Sunshine