সর্বশেষ সংবাদ :

রাজশাহী কলেজে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেল ৯৮ শতাংশ শিক্ষার্থী

স্টাফ রিপোর্টার :

২০২৫ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার ফলাফলে রাজশাহী কলেজ আবারও প্রমাণ করল তার একাডেমিক উৎকর্ষ। এ বছর কলেজটির বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা এই তিন বিভাগে মোট ৪৪৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাস করেছে।

সবচেয়ে বেশি সাফল্য এসেছে বিজ্ঞান বিভাগে। ২৭৬ জন পরীক্ষার্থীর মধ্যে ২৭২ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে, যা প্রায় ৯৮.৫৫ শতাংশ। মানবিক বিভাগে ১০০ জনের মধ্যে ৮৯ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৬৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

ফলাফল প্রকাশের পর রাজশাহী কলেজ প্রাঙ্গণ পরিণত হয় উৎসবের নগরে। শিক্ষার্থীরা একে অপরকে জড়িয়ে ধরে, মিষ্টি মুখ করিয়ে ও ঢাক-ঢোল বাজিয়ে আনন্দ ভাগাভাগি করে নেয়। তাদের চোখে-মুখে ছিল স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার প্রত্যাশা।

ফলাফল সম্পর্কে মানবিক বিভাগের শিক্ষার্থী জাহিদ হাসান জয় বলেন,আলহামদুলিল্লাহ, আমি প্রত্যাশিত ফল পেয়েছি। রাজশাহী কলেজ সব সময়ই সাফল্যের ধারা বজায় রাখে। এখন লক্ষ্য ভর্তি পরীক্ষায় ভালো বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়া।

অন্যদিকে ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী আফসানা কণা জানান,ফল প্রকাশের আগে অনেক চিন্তায় ছিলাম, কিন্তু সব দুশ্চিন্তা দূর হয়ে গেছে। আমি জিপিএ-৫ পেয়েছি, এতে আমার বাবা-মা ও শিক্ষকরা অনেক খুশি।

রাজশাহী কলেজের এই শতভাগ সাফল্য রাজশাহী শিক্ষাবোর্ডে এক অনন্য উদাহরণ হয়ে থাকল যেখানে ঐতিহ্য, অধ্যবসায় ও উৎকর্ষ একসূত্রে গাঁথা হয়ে নতুন প্রজন্মের প্রেরণার প্রতীক হয়ে উঠেছে।

রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী জানান, আমাদের শিক্ষার্থীদের এই ধারাবাহিক সাফল্য কলেজের শিক্ষার মান, শিক্ষক-শিক্ষার্থীর পারস্পরিক দায়বদ্ধতা ও কঠোর পরিশ্রমের ফল। আমরা এই সাফল্যে গর্বিত।

ফেরদৌস /শামি


প্রকাশিত: October 16, 2025 | সময়: 10:43 pm | Daily Sunshine

আরও খবর