বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
নুরুজ্জামান,বাঘা :
রাজশাহীর বাঘায় মাদক এবং বিকাশ হ্যকারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানিয়ে বক্তব্য রেখেছেন বর্তমান সরকারের শিক্ষা মন্ত্রনালয়ের যুগ্ন-সচিব শ্রী রথিন্দ্রনাথ । শুক্রবার(৩ অক্টবর) রাতে বাঘা বাজার, নারায়নপুর বাজার ও বাঘা বাসটার্মিনাল এলাকায় অবস্থিত কুলি-শ্রমিকদের ডাকে সাড়া দিয়ে উপজেলার মুছা মার্কেটে অনুষ্ঠিত একটি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাঘার বিশিষ্ট সমাজ সেবক, বাঘা কেন্দ্রীয় শাহী মসজিদের সাধারণ সম্পাদক ও মার্কেট মালিক আব্দুর রহমান এছার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি আরো বলেন, আমি এক বছর পর এবার শারদীয় দুর্গা উৎসবে বাড়ি এসে জানতে পেরেছি, বাঘায় মাদক এবং হ্যাকারদের সংখ্যা বেড়ে গেছে। এর ফলে ধবংসের দিকে ধাবিত হচ্ছে আমাদের যুব সমাজ । এ কারনে আমি আপনার সকলের কাছে আবেদন রাখতে চাই, এদের সাথে কোন আপোষ নেই। যে কোন মুল্যে তাদের প্রতিহত করতে হবে। আমার বিশ্বাস আপনারা প্রশাসনকে তথ্য দিয়ে সহায়তা করলে এদের শিকড় থাকবে না।
যুগ্ন-সচিব রথিন্দ্রনাথ বলেন, আমার কোন রাজনৈতিক বিলাশ নেই। আমার ধর্ম মানবতা। যার দৃষ্টান্ত গত কালকে আপনারা দেখেছেন। আমি সমাজের অসহায় গরিবদের মাঝে দুই হাজার কাপড় বিতরণ করেছি। এর মধ্যে ৬০ ভাগ ছিলো মুসলিম সম্প্রদায়ের মানুষ। আমি ধর্ম নিয়ে বিচার-বিশ্লেষন করে যেটা পেয়েছি, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে কেউ নয়। সুতারাং আমি মানুষকে সেবা করতে চাই। আমি মনে করি, একজন মানুষ যদি জীবনে বড় হতে চাই-তার জন্য সর্ব প্রথম যে জিনিষটা দরকার সেটি হলো- কঠোর পরিশ্রম, উন্নত শিক্ষা, অধ্যয়ন, আত্মত্যাগ এবং অধ্যবসায় । তিনি বলেন দেশে একটি অবাধ সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হলে যে বিশৃঙ্খলা চলছে, সেটা অনায়াসে থেমে যাবে।
বাঘার তরুন যুবক ও রাজশাহী জেলা যুবদলের সদস্য মো: আল আমিন জামাদার এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখে বিএনপি নেতা বাবুল হোসন, সাবেক কাউন্সিলর আসলাম সরদার, বাঘা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিয়া, সাবেক ছাত্র দল নেতা জুয়েল হোসেন, ব্যবসায়ী মহির উদ্দিন , শ্রমিক নেতা নাজমুল হোসেন প্রমুখ।
উক্ত অনুষ্ঠান শেষে তিনি শ্রমিকদের দাবির প্রেক্ষিতে ১৫ টি চেয়ার ও একটি টেবিল উপহার দেন।
সানশাইন /শামি