, , ।
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর বদলগাছীতে ভ্যানের চাকায় একটি রাজহাঁস দুর্ঘটনার শিকার হয়। এর পর দুপক্ষের সংঘর্ষের এক পর্যায়ে ভ্যান চালকের ভাইয়ের ঘুষির আঘাতে হাঁস মালিকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভ্যান চালক’সহ তিন জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলা সদরের পিন্ডিরা গ্রামে এ ঘটনাটি ঘটে।
হাঁস মালিক নিহত আব্দুল লতিফ (৫০) পিন্ডিরা গ্রামের মৃত. খোকা মন্ডলের ছেলে। তিনি পেশায় একজন ট্রাক্টর চালক।
স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার সকালে রাস্তা সংলগ্ন আব্দুল লতিফের বাসার সামনে রাস্তায় সোহাসা গ্রামের ভ্যান চালক সবুজ হোসেনের ভ্যানের চাকায় দুর্ঘটনার শিকার আব্দুল লতিফের একটি রাজহাঁস। সাথে সাথে ঐ রাজহাঁসটিকে ধরে জবাই করে ভ্যান চালক সবুজকে মাংস নিয়ে ক্ষতিপূরণ দিতে বলা হয়। সবুজ ক্ষতিপূরণ দেবে বলে হাঁসের মাংস রেখে চলে যায়। পরে তিনি সেদিন আর আসেনি। এতে মাংসগুলো ফ্রিজে রেখে দেয় হাঁস মালিক। মঙ্গলবার বেলা ১১টার দিকে সবুজ আবারো ভ্যান নিয়ে আসার পথে হাঁস মালিক আব্দুল লতিফের ছেলে বাবু ভ্যান চালক সবুজকে আটকিয়ে হাঁসের ক্ষতিপূরণ দাবী করে। এ সময় সবুজ একটি হাঁস কিনে দেওয়ার কথা বলে জবাই করা হাঁসের মাংস নিয়ে যায়। ঐ দিন দুপুর একটার পর সবুজ তার স্ত্রী’সহ ভাই সাকিব ও তার বাবা মা’কে সঙ্গেনিয়ে কোন ক্ষতিপূরণ দিবে না বলে হাঁসের মাংস ফেরত দিতে আসে। হাঁসের মাংস ফেরত দিলে উভয়ের মধ্যে তর্কবিতর্কের এক পর্যায়ে হাতাহাতি ও ঠেলাঠেলি হয়। এর মাঝেই ভ্যানচালক সবুজের ভাই সাকিব হাঁস মালিক আব্দুল লতিফের বুকে ঘুষি মেরে আঘাত করলে লতিফ মাটিতে পড়ে যায়। লতিফ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে জ্ঞান হারায়। স্থানীয়রা তার মাথায় পানি দিলে জ্ঞান ফিরলেও সে কথা বলতে পারছিল না।
পরবর্তীতে লতিফকে বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে অবস্থার অবনতি দেখা দিলে নওগাঁ সদর হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে নেওয়ার পথে সে মারা যায়। খাবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ মর্গে প্রেরণ করেন।
এ ঘটনায় নিহতের ভাই ডাবলু হোসেন বাদী হয়ে থানায় ৬ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করলে পুলিশ ভ্যানচালক সবুজ’সহ তার বাবা মাকে গ্রেপ্তার করেছে।
বদলগাছী থানার অফিসার ইনচার্জ মো. আনিছুর রহমান জানান, বর্তমানে ৩ জনকে আটক করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট আসার পর পুরো বিষয়টি জানা যাবে।
রানা হামিদ/শামি