, , ।
আব্দুল্লাহ আল মারুফ, রাজশাহী :
রাত পোহালেই মাঠে গড়াবে এনসিএল (জাতীয় ক্রিকেট লিগ) টি-টোয়েন্টি’র দ্বিতীয় আসর। ৭ বিভাগীয় দল রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, চট্টগ্রাম, বরিশাল ও ঢাকার সাথে ঢাকা মেট্রোও শেষবারের মত অংশ নিচ্ছে এবারের আসরে। পরবর্তী আসরে ঢাকা মেট্রোর স্থলে ময়মনসিংহ বিভাগকে দেখা যাবে।
উদ্বোধনী দিন সকাল ১০টায় রাজশাহীতে (রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম) স্বাগতিকরা মুখোমুখি হবে গত আসরের রানার আপ ঢাকা মেট্রোর। আর বগুড়ায় সিলেটের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন রংপুর। ১৯ সেপ্টেম্বর পর্যন্ত এই দুই ভেন্যুতে হবে আসরের একক রাউন্ড রবিন লিগ পর্বের প্রথম ১২টি ম্যাচ।
রাজশাহী-বগুড়া পর্ব শেষ করে একক রাউন্ড রবিন লিগ পর্বের অবশিষ্ট ১৬টি ম্যাচ ও প্লে অফে অংশ নিতে দলগুলো যাবে সিলেট। একদিন বিরতি দিয়ে ২১ সেপ্টেম্বর থেকে শুরু হবে সিলেট পর্ব এবং ৩ অক্টোবর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দিবা রাত্রির ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এনসিএল টি-টোয়েন্টি’র এবারের আসরের।
এর আগে গত সোমবার (৮ সেপ্টেম্বর, ২০২৫) ঢাকায় হোটেল সোনারগাঁওয়ে এক জমকালো আয়োজনে এনসিএল টি-টোয়েন্টি’র দ্বিতীয় আসরের উদ্বোধন করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এ সময় উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক ইফতিখার রহমান মিঠু, বিসিবি পরিচালক ও টুর্নামেন্ট কমিটি চেয়ারম্যান আকরাম খান, বিসিবির ‘হেড অফ প্রোগ্রাম’ মিনহাজুল আবেদিন নান্নু ছাড়াও দুই নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু এবং আব্দুর রাজ্জাক।
এশিয়া কাপ খেলতে যাওয়া বাংলাদেশ জাতীয় দলের ১৫ ক্রিকেটারকে আসরের শুরুতে পাওয়া যাবেনা এবার! তবে যেহুতু ২৮ তারিখ পর্দা নামবে এশিয়া কাপের তাই সিলেট পর্বে দেখা যেতে পারে তাদের। সিলেটে আগামী ৩০ সেপ্টেম্বর এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার ম্যাচ এবং ১ অক্টোবর দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত হবে।
এদিকে এশিয়ার শ্রেষ্ঠত্বের আসরে বাংলাদেশ জাতীয় দলে জায়গা করে নিতে না পারা নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুন, মাহিদুল ইসলাম অঙ্কন, মোহাম্মদ নাঈম শেখ, ইয়াসির আলী রাব্বি, ফজলে মাহমুদ রাব্বি, জাকির হাসানরা এনসিএল টি-টোয়েন্টি আসরের শুরু থেকেই থাকবেন এবং নিজ নিজ দলের নেতৃত্ব দেবেন।
রাজশাহীকে নেতৃত্ব দেবেন জাতীয় দলের সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সদ্যই কোয়াবের সভাপতি নির্বাচিত হওয়া মোহাম্মদ মিঠুন অধিনায়কত্ব করবেন খুলনার।
ঢাকা বিভাগের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন। আর ঢাকা মেট্রোর অধিনায়কত্ব করবেন মোহাম্মদ নাঈম শেখ। গতবার ঢাকা মেট্রোকে নেতৃত্ব দিয়ে ফাইনালে তুলেছিলেন নাঈম।
গত আসরে রংপুরকে নেতৃত্ব দিয়ে শিরোপা জিতিয়েছিলেন আকবর আলী। এবারের আসরেও রংপুর বিভাগের অধিনায়কত্ব এই যুব বিশ্বকাপজয়ী অধিনায়কের কাঁধেই। এছাড়া চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের অধিনায়কত্ব করবেন যথাক্রমে ইয়াসির আলী রাব্বি, ফজলে মাহমুদ রাব্বি ও জাকির হাসান।
এদিকে, এনসিএল টি-টোয়েন্টির দ্বিতীয় আসরের রাউন্ড রবিন লিগ পর্বের ৬টি ম্যাচ আয়োজনের জন্য নতুন করে সাজানো হয়েছে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামকে। ব্যাপক দর্শক উপস্থিতির বিষয়টি মাথায় রেখে গ্যালারির প্রতিটি অংশ পরিষ্কার পরিচ্ছন্ন করার পাশাপাশি রাঙ্গানো হয়েছে নতুন রঙ্গে। প্রয়োজনীয় সংস্কার আনা হয়েছে ড্রেসিংরুম এবং প্রেস ও মিডিয়া বক্সে। ইতোমধ্যে উইকেট ও মাঠ পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেছেন বিসিবি কর্মকর্তারা।
সানশাইন /শাহ্জাদা