, , ।
নুরুজ্জামান,বাঘা :
রাজশাহীর বাঘায় আলোচনা সভা ও মাছ অবমুক্ত করার মধ্য দিয়ে মৎস্য সপ্তাহ’র শুভ উদ্বোধন ঘোষনা করা হয়েছে। দেশব্যাপী মৎস্য সম্পদের সম্প্রসারণ, সংরক্ষণ, উন্নয়ন এবং টেকসই ব্যবহারে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্য বিষয় নিয়ে (১৮ আগষ্ট) জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ এর উদ্বোধন ঘোষনা করা হয়।উপজেলা নির্বাহী অফিসার একটি পুকুরে মাছ অবমুক্ত করার মধ্য দিয়ে এর উদ্বোধন ঘোষনা করেন।
সোমবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে মৎস্য সপ্তাহ উপলক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাঘা উপজেলা নির্বাহী অফিসার শাম্মি আক্তার। তিনি তাঁর বক্তব্যে বলেন, চলতি বছরের মৎস্য সপ্তাহের কর্মসূচিতে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা নিবেদনকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় ভাবে সারাদেশে সপ্তাহব্যাপী সেমিনার, প্রযুক্তি প্রদর্শন, আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শন, মতবিনিময় সভা, সমাপনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন রয়েছে ।
তিনি আরো বলেন, আমাদের উপজেলায় প্রায় ২ হাজার পুকুর রয়েছে। প্রাকৃতিক কারনে বাংলাদেশ মাছ চাষে বিশেষ ভাবে উপযোগী। ইলিশ উৎপাদনে বাংলাদেশ ইতোমধ্যে প্রথম স্থান অর্জন করেছে। কিন্ত ব্যক্তি স্বার্থে নিষিদ্ধ চায়না দুয়ারির জালে কতিপয় মাৎস্য শিকারী রেণু পোনা মাছ ধরে সেই অর্জনকে ব্যহত করছে।
এ সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি ও জাতীয়তাবাদী জেলা মৎস্য জীবি দলের সাধারন সম্পাদক মামুন আল হক এবং মৎস্য চাষী নয়ন কুমার ।
তাঁরা বলেন, আমাদের দেশে খাল-বিল,নদী-নালা কমে যাওয়ায় দেশি মাছ হারিয়ে যাচ্ছে। অন্যদিকে যেসব নদী নালা আছে সেগুলো প্লাস্টিক-সহ নানা রকম বর্জ্যে দূষিত হচ্ছে। এতে নিরাপদ মাছ চাষ বিঘ্নিত হচ্ছে। এ জন্য সরকারি ভাবে কঠোর পদক্ষেপ নেয়া দরকার বলেও মন্তব্য করেন তাঁরা।
আলোচনা সভা শেষে সফল মাৎস্য চাষী হিসাবে ভালো কাজের স্বীকৃতি স্বরুপ নয়ন কুমার ও রাকিবুল ইসলামকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। এর আগে র্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে ১৫ কেজি পোনা মাছ অবমুক্ত করেন অতিথিবৃন্দ।
উক্ত সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান, প্রাণীসম্পদ অফিসার ডাঃ আমিনুল ইসলাম, সমাজ সেবা অফিসার মাসুদ রানা,পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মনিরুল ইসলামসহ, আলপনা ইয়াসমিন ও প্রায় ২০ জন মৎস্য চাষী ।
সব শেষে সভাপতির বক্তব্যে উপজেলা মৎস্য অফিসার তহুরা হক জানান, আজ থেকে সপ্তাহব্যাপি কর্মসূচির মধ্যে রয়েছে- মৎস্যচাষী,জেলে ও মৎস্যজীবিদের নিয়ে মতবিনিময় সভা,জনবহুলস্থানে মৎস্য বিষয়ক প্রামান্য চিত্র প্রদর্শন,স্কুলে মৎস্য বিষয়ে রচনা প্রতিযোগিতা, মৎস্যখাতে টেকসই উন্নয়নে তরুণদের ভাবনা শীর্ষক কর্মশালা,মৎস্য চাষীর পুকুরের মাটি,পানির ভৌত-রাসায়নিক গুণাগুন পরীক্ষা ও নিরাপদ মৎস্য উৎপাদনে ক্যাম্পেইন এবং সমাপনী দিনে জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
সানশাইন /শামি