, , ।
স্টাফ রিপোর্টার: বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) তে কর্মরত ডিপ্লোমা প্রকৌশলীগণকে বিভক্ত করার চেষ্টার প্রতিবাদে স্মারকলিপি প্রদান করেছেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন বিএমডিএ’র নেতৃবৃন্দ। বৃহস্পতিবার বিএমডিএ’র নির্বাহী পরিচালক ও অতিরিক্ত সচিব মো. তরিকুল আলমের কাছে এই স্মারকলিপি হস্তান্তর করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বিএমডিএ এমন একটি গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান, যা দেশের খাদ্য নিরাপত্তা ও সেচ কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ডিপ্লোমা প্রকৌশলীগণ দীর্ঘদিন ধরে সরকারের ১০ম গ্রেডের ২য় শ্রেণির কর্মকর্তা হিসেবে নিরলসভাবে কাজ করে আসছেন। তারা সরকারের স্বীকৃত নিয়মনীতি ও দাপ্তরিক সিদ্ধান্ত মেনে কাজ করে আসলেও, সম্প্রতি কিছু ‘ছাত্র নামধারী ব্যক্তি’ “রুয়েটের সাধারণ শিক্ষার্থী” ব্যানারে বিএমডিএ প্রধান কার্যালয়ের সামনে ডিপ্লোমা প্রকৌশলীদের বিরুদ্ধে শ্লোগান দেন। এতে প্রতিষ্ঠানটির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয় এবং প্রশাসনের মধ্যে অস্থিরতা তৈরি হয়।
নেতৃবৃন্দ এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, পূর্ব অনুমতি ছাড়া ও অফিস চলাকালীন সময়ে এ ধরনের রাজনৈতিক মদদপুষ্ট ও উদ্দেশ্যপ্রণোদিত শ্লোগান এক ধরনের রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র। তারা অভিযোগ করেন, এটি একটি কুচক্রী মহলের পরিকল্পিত পদক্ষেপ, যার মাধ্যমে ডিপ্লোমা প্রকৌশলীদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে তাদের পদোন্নতি ও মর্যাদা খর্ব করার অপচেষ্টা চলছে।
বক্তারা আরও বলেন, ডিপ্লোমা প্রকৌশলীগণ কখনো আইনবহির্ভূত কর্মকাণ্ডে লিপ্ত হননি। বরং তারা প্রশাসনিক শৃঙ্খলা বজায় রেখেই তাদের পেশাগত দায়িত্ব পালন করে আসছেন। ভবিষ্যতে যদি এ ধরনের অযাচিত আচরণ পুনরায় ঘটে, তাহলে এর কঠোর জবাব দেওয়া হবে এবং বৃহত্তর আন্দোলনের ঘোষণা আসতে পারে বলেও হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ।
স্মারকলিপিতে কর্তৃপক্ষকে সতর্ক করে বলা হয়, কেউ যেন এমন অনৈতিক দাবিকে আমলে না নেন এবং দায়িত্বশীল পদে যারা কাজ করছেন তাদের প্রতি সম্মান প্রদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন বিএমডিএ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ও যুগ্ম আহ্বায়ক (কেনিক) সহকারী প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক উপ-সহকারী প্রকৌশলী মো. শামসুল আলম, সহকারী প্রকৌশলী মো. জিয়াউল আলম, মো. গিয়াস উদ্দিন, মো. আজমল হক, উপ-সহকারী প্রকৌশলী মো. শাহিনুল আহসান, নূর মোহাম্মদ, মো. হায়দার আলী, খান জাফরুল মেহেদী মাহমুদসহ আরও অনেকে।