সর্বশেষ সংবাদ :

জাতিসংঘের মানবাধিকার অফিস স্থাপনে তীব্র আপত্তি হেফাজতের

স্টাফ রিপোর্টার:

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস স্থাপন চুক্তিতে সই করায় তীব্র প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ, রাজশাহী জেলা ও মহানগর শাখা। মঙ্গলবার (২৯ জুলাই) রাজশাহী দারুল উলুম মাদরাসা, মালোপাড়ায় এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা বলেন, এ সিদ্ধান্ত দেশের সার্বভৌমত্ব ও ধর্মীয় মূল্যবোধের জন্য হুমকি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ইমরান উদ্দীন। তিনি বলেন, অতীতে বিভিন্ন দেশি বিদেশি সংস্থা মুসলিম পারিবারিক আইন, শরিয়াহ এবং ইসলামী মূল্যবোধে হস্তক্ষেপ করেছে। জাতিসংঘের অধীনে কাজ করা মানবাধিকার কমিশনের দর্শনও ইসলামবিরোধী অনেক ইস্যুকে সমর্থন করে। এলজিবিটি ইস্যু, নারী সংস্কার প্রস্তাব ও সাম্প্রতিক সময়ে একজন সমকামী ব্যক্তিকে জাতিসংঘের দূত নিয়োগ, এসব বিষয় বাংলাদেশের ধর্মীয় ও সামাজিক কাঠামোর পরিপন্থী।

তিনি আরো বলেন, “জাতিসংঘের এই অফিস খোলা হলে দেশের অভ্যন্তরীণ ধর্মীয় ও সামাজিক বিষয়ে হস্তক্ষেপ করার পথ তৈরি হবে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।” সংগঠনের নেতারা অভিযোগ করেন, পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিদেশি হস্তক্ষেপের পাঁয়তারা রয়েছে, আর জাতিসংঘের এই অফিস তারই ধারাবাহিকতা।

তারা বলেন, দেশের ওলামায়ে কেরাম ও ধর্মপ্রাণ মানুষের অবস্থান স্পষ্ট—এমন চুক্তি বাতিল না হলে তারা কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।

জেলা সভাপতি মাওলানা শহীদুল ইসলাম, মহানগর সভাপতি মুফতি আজমাল হোসাইন, সহ-সভাপতি মুফতি জাকারিয়া হাবিবী, সেক্রেটারি মুফতি আব্দুস সবুর সিরাজীসহ শীর্ষ নেতারা সম্মেলনে উপস্থিত ছিলেন।

বক্তারা অভিযোগ করেন, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে ‘গণহত্যা’র বিষয়ে জাতিসংঘ কোনো অবস্থান নেয়নি। বরং জঙ্গিবাদ দমনের নামে ইসলামপন্থীদের উপর রাষ্ট্রীয় নিপীড়নের বিরুদ্ধেও তাদের পক্ষ থেকে কোনো উদ্বেগ দেখা যায়নি। “ফিলিস্তিনেও গত ৩০ বছর ধরে জাতিসংঘের মানবাধিকার অফিস থাকার পরও কোনো কার্যকর ফল আসেনি। এছাড়া তারা বলেন, বাংলাদেশ কোনো যুদ্ধবিধ্বস্ত দেশ নয়।

তা সত্ত্বেও মানবাধিকার অফিস খোলার সিদ্ধান্ত রহস্যজনক এবং তা দেশের নিরাপত্তা ও স্বাধীনতার জন্য হুমকি হতে পারে। জুলাই বিপ্লবের দাবিগুলো বাস্তবায়ন করলেই এমন অফিসের প্রয়োজন থাকবে না বলেও দাবি করেন নেতারা। তাদের হুঁশিয়ারি, চুক্তি বাতিল না হলে হেফাজতে ইসলাম রাজশাহী শাখা কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী কঠোর কর্মসূচি বাস্তবায়ন করবে।

ফেরদৌস/শামি


প্রকাশিত: July 29, 2025 | সময়: 4:29 pm | Daily Sunshine