চাটমোহর সংবাদদাতা:
পাবনার চাটমোহরে আলোচিত গামছা দিয়ে হাত পা বেধে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলার ৬ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত ধর্ষক আটক হয়নি। সেই প্রতিবাদে দ্বিতীয় দিনের মত মানববন্ধন করেছে গুনাইগাছা ইউনিয়নের সচেতন মহল।
২৬ শে জুলাই শনিবার বিকেল সাড়ে ৫টায় মানববন্ধনটি গুনাইগাছা ইউনিয়ন পরিষদের সামনে অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বক্তব্য প্রদান করেন, বক্তারা জানান ধর্ষণ একটি জঘন্যতম অপরাধ তাই ধর্ষককে প্রশ্রয় না দিয়ে দ্রুত আইনের আওতায় আনতে হবে। দীর্ঘ সময় পার হলেও এখন পর্যন্ত ধর্ষক আটক না হওয়ায় পুলিশের কর্মকান্ড নিয়ে প্রশ্ন তোলেন বক্তারা।
একই সাথে বক্তারা জানান ৪৮ ঘণ্টার মধ্যে ধর্ষক শাহীনকে পুলিশ আটক না করলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাও করা হবে। ধর্ষক আটক না হওয়ায় তারা পুলিশ প্রশাসন এর বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিতে থাকে।
মানববন্ধনে এস এ মারুফের সঞ্চালনায় বক্তব্য দেন, গুনাইগাছা ইউনিয়ন কমিটির জামাতের সাধারণ সম্পাদক মোঃ জাইদুল ইসলাম, মোহাম্মদ আলী, ইরাদ আলী, মাওলানা আব্দুল ওহাব বেলালী, মোঃ রায়হান হুজুর, নাজমুল হক বাঁশি, সাকিব হোসেন, ক্যাস্ট্রো সাগর প্রমুখ।
এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুরুল আলম জানান, ধর্ষকের বিরুদ্ধে থানায় শিশু ও নারী নির্যাতন আইনে মামলা হয়েছে। আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।
সানশাইন /শামি