বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
মোঃ মাসুদ বিপ্লব ঠাকুরগাঁও :
এসএসসি পরীক্ষায় ফেল করায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় পৃথক দুটি আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটেছে। এর মধ্যে মিতু আক্তার রেশি (১৬) নামের এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আর অপর শিক্ষার্থী আরমিনা আক্তার (১৬) বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর আড়াইটা থেকে বিকেল ৪টার মধ্যে বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ও দুওসুও ইউনিয়নে এই হৃদয়বিদারক ঘটনাগুলো ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ।
মিতু আক্তার রেশি ছিলেন বালিয়াডাঙ্গী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী এবং উপজেলার চাড়োল ইউনিয়নের দোগাছি ক্ষিরাপুকুর গ্রামের বাসিন্দা রুহুল আমিনের মেয়ে। এবারের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে অংশ নিয়ে গণিত, উচ্চতর গণিত ও রসায়ন বিষয়ে অকৃতকার্য হন তিনি।
ফলাফল প্রকাশের সময় বাড়িতে একা ছিলেন মিতু। নিজের মোবাইলে ফল দেখার পর শয়নঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। ছোট ভাই দরজা বন্ধ দেখে বাবা-মাকে খবর দিলে দরজা ভেঙে তাকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মিতুর বাবা রুহুল আমিন কান্নাজড়িত কণ্ঠে বলেন, “ফল প্রকাশের আগের দিনও মেয়েকে সাহস দিয়েছিলাম। সে নিজেই বলেছিল—‘কোনো সমস্যা নেই বাবা।’ কিন্তু এমন কিছু করবে, কল্পনাও করতে পারিনি।”
মিতুর মৃত্যুতে পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসী সবাই মর্মাহত।
অপরদিকে দুওসুও ইউনিয়নের সনগাঁও কুয়াটল গ্রামের আনছারুল হকের মেয়ে আরমিনা আক্তার চৌরঙ্গী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। সে বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে ফেল করায় মানসিকভাবে ভেঙে পড়ে।
ফল প্রকাশের পর মায়ের বকুনিতে অভিমান করে ঘরে থাকা কীটনাশক জাতীয় তরল বিষ পান করে। কিছুক্ষণ পরই তার বমি শুরু হলে পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পারেন এবং দ্রুত বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
তার চাচি ইসামন বিবি জানান, “মায়ের উপর অভিমান করেই বিষপান করেছে আরমিনা। আমরা সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাই।”
বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. আহাদুজ্জামান জাানান, আরমিনাকে আমরা ওয়াশ করে বিষমুক্ত করেছি এবং সে এখন নিবিড় পর্যবেক্ষণে রয়েছে।”
বালিয়াডাঙ্গী থানার ওসি বলেন, “পুলিশ দুটি ঘটনাস্থল পরিদর্শন করেছে। এটি অত্যন্ত বেদনাদায়ক।
সানশাইন /শামি