, , ।
স্টাফ রিপোর্টার, নাটোর: নাটোর শহরের আলাইপুর এলাকার একটি ফার্নিচার কারখানার শিশু শ্রমিক ইয়াসিনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে নাটোর শহরের মারকাজ মসজিদের পিছনের একটি বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরন করা হয়। শিশু ইয়াছিন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বীরপাশা গ্রামের মনজু মিয়ার ছেলে ও নাটোর শহরের সুপার ফার্নিচার কারখানার শ্রমিক।
ফার্নিচার কারখানার শ্রমিক মোহাম্মদ অন্তর জানান, বেশ কয়েকদিন ধরে ইয়াসিন দেশের বাড়িতে যাওয়ার জন্য কান্নাকাটি করছিল। বাড়ি যেতে না পারায় কয়েকদিন থেকে সে নিয়মিত ব্রাহ্মণবাড়িয়ার বাড়িতে পরিবারের লোকজনের কাছে ফোন দিলেও কেউ ফোন রিসিভ করছিল না।
বৃহস্পতিবার সকালে অন্যান্য শ্রমিকরা কারখানায় কাজে গেলেও ইয়াসিন কাজে আসেনি। অন্যরা তাদের বসবাসের বাড়িতে গিয়ে বারান্দার গলায় গামছা পেঁচানো অবস্থায় ইয়াসিনের মরদেহ ঝুলতে দেখে পুলিশে খবর দেয়।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।