, , ।
স্টাফ রিপোর্টার, তানোর: রাজশাহীর তানোর উপজেলায় বিষধর রাসেল ভাইপার সাপের কামড়ে ইসমাইল হোসেন (৩৮) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার বাধাইড় ইউনিয়নের শিবরামপুর গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত ইসমাইল ওই গ্রামের মৃত আলমের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, ইসমাইল প্রতিদিনের মতো সকালে নিজের কৃষি জমিতে কাজ করতে মাঠে যান। কাজ শেষে দুপুর ১২টার দিকে তিনি বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে হঠাৎ করে রাস্তার পাশে ঘাসের আড়ালে লুকিয়ে থাকা একটি বিষধর রাসেল ভাইপার সাপ তাকে পায়ে ছোবল মারে।
সাপের কামড় খেয়ে প্রথমে কিছুটা আতঙ্কিত হয়ে পড়েন তিনি। এরপর দ্রুত বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানান। স্বজনরা তাৎক্ষণিক ভাবে তাকে একটি মাইক্রোবাসে করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কিন্তু বিষক্রিয়ার মাত্রা বেশি থাকায় চিকিৎসাধীন অবস্থায় ইসমাইলের মৃত্যু হয়।
নিহত ইসমাইল দুই সন্তানের জনক ছিলেন। তার অকাল মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় জানান, গ্রামে রাসেল ভাইপার সাপের উপস্থিতি নিয়ে আগে থেকেই উদ্বেগ ছিল। এখন আতঙ্কের মধ্যে দিন কাটবে তাদের।
তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান বলেন, বিষয়টি আমি শুনেছি।