, , ।
সানশাইন ডেস্ক: জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে বিএনপির বিশেষ আলোচনা সভায় ভার্চুয়ালি যোগ দিচ্ছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া।
গুলশানের বাসভবন ফিরোজা থেকে ওই সভায় প্রধান অতিথি হিসেবে যুক্ত হবেন খালেদা জিয়া। এছাড়া তার ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানেরও লন্ডন থেকে ওই সভায় ভার্চুয়ালি যোগ দেওয়ার কথা রয়েছে। মঙ্গলবার বিকাল ৩টায় রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই আলোচনা সভা শুরু হবে বলে জানিয়েছেন ‘জুলাই-অগাস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন কমিটির’ আহ্বায়ক রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ‘‘গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই অনুষ্ঠানে প্রধান অতিখি হিসেবে থাকবেন, গুলশানের বাসা থেকে ভার্চুয়ালি তিনি এই অনুষ্ঠানে যুক্ত হবেন বলে আশা করছি। ‘‘অনুষ্ঠানের উদ্বোধন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে তিনি ভার্চুয়ালি যুক্ত হযে বিকাল তিনটায় এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন। অনুষ্ঠানের সব প্রস্তুতি ইতিমধ্যে শেষ হয়েছে।”
জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ৩৬ দিনের যে কর্মসূচির দিছে বিএনপি, সেগুলোর মধ্যে প্রথম হল এই আলোচনা সভা। এই অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও পেশাজীবীদের আমন্ত্রণ জানানো হয়েছে। আলোচনা সভায় ব্যানারে লেখা আছে, ‘গণঅভ্যুত্থান-২০২৪ : জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভা ও শহীদদের পরিবারেরে সন্মানে বিশেষ অনুষ্ঠান।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সভাপতিত্ব করবেন জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি পালন কমিটির আহ্বায়ক রুহুল কবির রিজভী। বিএনপির নেতা-কর্মী ও অতিথিরা অনুষ্ঠানস্থলে আসতে শুরু করেছেন।
ব্যানারে জুলাই-আগস্ট অভ্যুত্থানে পুলিশের গুলিতে শহীদ আবু সাঈদসহ কয়েকজন শহীদসহ ‘এক দফা এক দাবি’ এবং ‘স্বৈরাচার নিপাত যাক’ ব্যানার হাতে ছাত্র-জনতার গ্রাফিতি চিত্র রয়েছে। বিএনপির ৩৬ দিনের কর্মসূচির মধ্যে আছে, বিজয় মিছিল, মৌন মিছিল, ছাত্র সমাবেশ, আলোচনা সভা, সেমিনার, রক্তদান, গ্রাফিতি অঙ্কন, পথনাটক, ফুটবল টুর্নামেন্ট, শিশু অধিকারবিষয়ক অনুষ্ঠান, ডেঙ্গু ও করোনা প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রমসহ ২২টি ভিন্নধর্মী আয়োজন।
মঙ্গলবার প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি জ্বালিয়ে ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ কর্মসূচি পালনের মধ্য দিয়ে অভ্যুত্থান ঘিরে বিএনপির কর্মসূচি শুরু করেছে।