, , ।
আদমদীঘি প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে জনসাধারণের ভোগান্তি দূরীকরণে বিভিন্ন রাস্তাঘাট পরিদর্শনে উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। মঙ্গলবার দুপুরে উপজেলার চাঁপাপুর ইউপির ছোট ঝাঁখইড় ও কুন্দগ্রাম ইউপির তাঁরতা কুমারপাড়া এবং তিলোচ শিববাটি গ্রামের স্কুলের যাওয়ার রাস্তা পরিদর্শন করেন তিনি। পরিদর্শনে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, ইউপি চেয়ারম্যান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা জানান, উপজেলার কয়েকটি গ্রামের মানুষের চলাচলের জন্য রাস্তাঘাট বিষয়ে কিছুদিন ধরে ভোগান্তি হচ্ছিল। মঙ্গলবার পরিদর্শন করে চাঁপাপুর ইউনিয়নের ছোট ঝাঁখইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের মাঝখান দিয়ে গ্রামবাসির চলাচলের রাস্তা, কুন্দগ্রাম ইউপির তাঁরতা কুমারপাড়া গ্রামের কার্পেটিং রাস্তার কাজে জলাবদ্ধতা এবং তিলোচ শিববাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে যাওয়ার রাস্তা সংস্কারের কাজে সমস্যা বিষয়ে স্থানীয় জনসাধারণের সঙ্গে আলোচনা করে সমাধান করা হয়েছে। এখন তাদের ভোগান্তি লাঘব হবে বলে প্রত্যাশা করছি। জনসাধারণের ভোগান্তি এড়াতে সর্বদা উপজেলা প্রশাসন পাশে রয়েছে।