, , ।
স্টাফ রিপোর্টার: “কৃষক পর্যায়ে বিএডিসির বীজ সরবরাহ কার্যক্রম জোরদারকরণ প্রকল্প”র আওতায় দিনব্যাপী বীজ ডিলার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ জুন) রাজশাহীর পোস্টাল একাডেমী প্রশিক্ষণ কক্ষে এর আয়োজন করা হয়।
সকাল সাড়ে আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন রাজশাহী ও নাটোর জেলার মোট ২০০ জন প্রশিক্ষণার্থী। মোট চারটি ব্যাচে ভাগ করে এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ ডিলার প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন ( বিএডিসি) রাজশাহী বিভাগের যুগ্মপরিচালক কৃষিবিদ শওকত আলী।
এ সময় উপস্থিত বীজ ডিলারদের উদ্দেশ্যে তিনি বলেন, কিছু ডিলারদের কারণে কৃষকরা হয়রানের শিকার হচ্ছেন। আমরা নাম সর্বস্ব ডিলারদের চিহ্নিত করছি। যারা শুধুমাত্র লাইসেন্স নিয়ে বসে আছেন কোন কার্যক্রম পরিচালনা করেন না। এ সমস্ত ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি বলেন, প্রত্যেক ডিলারকে সরকার নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী সাড়ে তিন লাখ টাকার বীজ উত্তোলন করতে হবে। সেই সাথে প্রত্যেক ডিলারের দোকানের সামনে বিএডিসি কর্তৃক নির্ধারিত সাইনবোর্ড অবশ্যই থাকতে হবে। এর ব্যর্থ হয় হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে কর্তৃপক্ষ।
তিনি আরো বলেন, অতীতে লক্ষ্য করা গেছে যে একই পরিবারে একাধিক ডিলার রয়েছে। যা বিধি বহির্ভূত। এ সমস্ত ডিলারদের সনাক্ত করে তাদের লাইসেন্স স্থগিত করাসহ বাতিলও হতে পারে। তিনি কর্মকর্তাদের সতর্ক করে বলেন আগামীতে যেন এ ধরনের অনিয়ম আর না হয়। এ সময় তিনি প্রত্যেক ডিলারদের সততার সাথে ব্যবসা পরিচালনা করার আহ্বান জানান।
দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার শুরুতেই প্রকল্প পরিচিতি, লক্ষ্য, উদ্দেশ্য এবং বিএডিসি’র অঙ্গের কার্যক্রম ও ফলাফল অর্জনের রোডম্যাপ তুলে ধরেন উপ-পরিচালক (আলু বীজ) মিজানুর রহমান। এছাড়াও বীজ বিতরণ বিভাগ কর্তৃক বিতরণকৃত গম, ডাল ও তৈল, পাট, আলু এবং সবজি বীজের নতুন জাত সমূহের পরিচিতি এবং সংশ্লিষ্ট বীজ ফসলের মাঠমান ও বীজমান নিয়ে আলোচনা করেন নবাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের চিফ সাইন্টিফিক অফিসার ড. মোহাম্মদ হোসেন।
এছাড়াও বীজ আইন ও বীজ নীতিমালার আলোকে ডিলারগণের করনীয় এবং বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণে নেটওয়ার্ক স্থাপনের গুরুত্ব ও বীজ বিক্রয় চাহিদা নিরূপণ ও লক্ষ্যমাত্রা নির্ধারণ বিষয়ে মুক্ত আলোচনা করা হয়। এতে দেশের স্বনামধন্য কৃষিবিদরা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন বিএডিসি (বীবি) রাজশাহীর উপ-পরিচালক কেএম গোলাম সরওয়ার। তিনি তার বক্তব্যে বলেন, আজকের এই প্রশিক্ষণ বীজ ডিলারগণকে সচেতন করাসহ উজ্জীবিত করবে। এ সময় তিনি ডিলারদের নিকট হতে আগামী ২০২৫-২৬ অর্থবছরে বীজের চাহিদা চান।
তিনি বলেন, এতে করে ডিলারদের চাহিদা অনুযায়ী বীজ সরবরাহ সহজ হবে। তিনি যে কোন সমস্যায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেন। প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএডিসি ঢাকার যুগ্ম পরিচালক ড. মাহবুবুর রহমান, বিএডিসি রাজশাহীর যুগ্মপরিচালক (সার) জুলফিকার আলী, যুগ্ম পরিচালক (উদ্যান) তৌফিকুর রহমান।