সর্বশেষ সংবাদ :

লিড নিয়েও ফ্লামেঙ্গোর কাছে হার চেলসির

স্পোর্টস ডেস্ক: ফিলাডেলফিয়ায় চেলসি শুরুতেই লিড নেয়। সব ঠিকঠাক ছিল। বিরতির পর এলোমেলো। তিন মিনিটের ব্যবধানে জোড়া গোল হজম করে। তারপর একজন কম নিয়ে খেলে আরেকটি! ৩-১ গোলে ক্লাব বিশ্বকাপে হার দেখলো ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব।
টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয়ে ব্রাজিলিয়ান ক্লাব উঠে গেছে শেষ ষোলোতে। এদিকে ইএস তিউনিসের কাছে ১-০ গোলে হেরে বিদায় নিয়েছে লস অ্যাঞ্জেলস এফসি। ১৩তম মিনিটে পেদ্রো নেতো চেলসিকে এগিয়ে দেন। লিড বাড়ানোর আরও বেশ কিছু সুযোগ পেয়ে কাজে লাগাতে পারেনি তারা। তারই খেসারত দিতে হয়েছে শেষ অর্ধে।
মঙ্গলবার তিউনিসের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ খেলবে চেলসি। বিজয়ী দল যাবে নকআউটে। দুই দলের সমান ৩ পয়েন্ট। গোল ব্যবধানে দ্বিতীয় স্থানে ব্লুরা। শুরুতে মুহুর্মুহু আক্রমণ করে ফ্লামেঙ্গো। চেলসি কিপার রবার্ট সানচেজ রুখে দেন লুইজ আরাউজো, জর্জিয়ান দে আরাসকায়েতা ও আইরটন লুকাসকে। তাদের ফুলব্যাক ওয়েসলি বল বিপদমুক্ত করতে গিয়ে ব্যর্থ হন। তাতে বল পেয়ে জাল কাঁপান নেতো।
ওই গোলের পর চেলসি আধিপত্য দেখায়। বল পায়ে রাখার পাশাপাশি আরও সুযোগ তৈরি করে। মালো গুস্তো ও লিয়াম দালেপকে ঠেকান ব্রাজিলিয়ান ক্লাবের কিপার অগাস্টিন রসি। বিরতির পর ঘুরে দাঁড়ায় ফ্লামেঙ্গো। বদলি নেমে ছাপ রাখেন হেনরিক। ৬২ মিনিটে গারসনের ক্রসে গঞ্জালো প্লাতা দূরের পোস্টের সামনে থেকে হেড করলে তিনি সহজে জালে বল জড়িয়ে দেন। তিন মিনিট পর ফ্লামেঙ্গো কর্নার থেকে লিড নেয়। হেনরিকের লাফিয়ে নেওয়া হেডে দানিলো স্কোর ২-১ করেন।
চেলসি বিপদে পড়ে ৬৮ মিনিটে ১০ জনের হয়ে পড়লে। বেঞ্চ থেকে উঠে আসার কিছুক্ষণ পর লাল কার্ড দেখেন তিনি আইরটন লুকাসকে ফাউল করে। ফ্লামেঙ্গো আরও ব্যবধান বাড়ায় আরেক বদলি খেলোয়াড় ইয়ানের গোলে। প্লাতার ডান দিক থেকে বাড়ানো বলে ফিরতি শটে লক্ষ্যভেদ করেন তিনি।
বিদায়বেলায় বাংলাদেশ ও শান্ত-
মুশফিকের প্রশংসা করলেন ম্যাথিউস
স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কার অভিজ্ঞ অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন গলে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে। ম্যাচ শেষে আবেগঘন বক্তব্যে জানালেন, কেমন ছিল তার দীর্ঘ পথচলা এবং কীভাবে অনুভব করছেন এই মুহূর্তটি।
‘অবসর ঘোষণার পর যেভাবে সবাই ভালোবাসা জানিয়েছেন, তা সত্যিই কল্পনার বাইরে। আমি অভিভূত, কৃতজ্ঞ সবাইকে যারা শুরু থেকে আমাকে সমর্থন দিয়েছেন,’—বলে শুরু করেন ১১৯ টেস্ট খেলা এই অভিজ্ঞ তারকা। টেস্টকে ‘সেরা ফরম্যাট’ আখ্যা দিয়ে ম্যাথিউস বলেন, ‘বিদায় নেওয়া সহজ নয়। এটাই আমার সবচেয়ে প্রিয় ফরম্যাট ছিল। তবে এখন সময় এসেছে তরুণদের জায়গা করে দেওয়ার। ‘
ম্যাচে আলো ছড়িয়েছেন বাংলাদেশের শান্ত ও মুশফিক। শান্ত দুই ইনিংসেই সেঞ্চুরি করেছেন, মুশফিক করেছেন এক ইনিংসে শতক ও আরেক ইনিংসে ৪৯ রান। সেইসঙ্গে শ্রীলঙ্কার পাথুম নিশাঙ্কাও ব্যাট হাতে দারুণ খেলেছেন। তাদের প্রশংসা করে ম্যাথিউস বলেন, ‘বাংলাদেশ অসাধারণ একটি টেস্ট খেলেছে। শান্ত ও মুশফিক দারুণ ব্যাট করেছে, পাথুমও দুর্দান্ত খেলেছে। ‘
টেস্টে ৮২১৪ রান করা এই ডানহাতি ব্যাটসম্যান বলেন, ‘ইংল্যান্ডে গিয়ে ইংল্যান্ডকে হারানো আর ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে ৩-০ তে হারানো—এই দুটো জয় আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় প্রাপ্তি। শেষে তিনি ধন্যবাদ জানান সতীর্থ, কোচ ও সমর্থকদের, ‘আপনাদের ভালোবাসা আমার জীবনের অন্যতম প্রাপ্তি। ধন্যবাদ সবাইকে। ‘


প্রকাশিত: June 22, 2025 | সময়: 4:10 am | সুমন শেখ