সর্বশেষ সংবাদ :

ছাত্রদলের পদ পাওয়া নেতার দাবি ‘রাজনীতি করি না, করব না’

সানশাইন ডেস্ক: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ডুমুরিয়া ইউনিয়নে ছাত্রদলের নবগঠিত কমিটিতে যুগ্ম আহ্বায়কের পদ পাওয়া এক তরুণের দাবি তিনি রাজনীতিতে জড়িত নন; তাকে না জানিয়েই কমিটিতে নাম যুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পাঁচটি ইউনিয়নে ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন করার কয়েক ঘণ্টা পার না হতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুকে পোস্ট করে এমন দাবি করেন রাজ তালুকদার। তবে ছাত্রদলের টুঙ্গিপাড়া উপজেলার নেতাদের দাবি, সংগঠনের পদ পেতে রাজ তালুকদার জীবন বৃত্তান্ত জমা দিয়েছিলেন।
নিজের ব্যক্তিগত ফেইসবুক আইডিতে রাজ তালুকদার লিখেছেন, “আসসালামু আলাইকুম। আমি রাজ তালুকদার, আজকে ডুমুরিয়া ইউনিয়ন ছাত্রদলের ২৩ সদস্যর আহ্বায়ক কমিটি প্রকাশ করা হয়েছে। কমিটিতে আমাকে যুগ্ম আহ্বায়ক পদে রাখা হয়েছে। উক্ত কমিটি সম্পর্কে আমি অবগত নই। আমি আগেও কোনো রাজনীতির সঙ্গে ছিলাম না, ভবিষ্যতেও থাকবো না, ইনশাআল্লাহ।”
তার এই পোস্ট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনীতিতে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। পরে পোস্টের বিষয়টি নিশ্চিত করে রাজ তালুকদার বলেন, “কমিটি সম্পর্কে আমি কিছু জানিই না। আমি কখনোই কোনো রাজনৈতিক দলের সঙ্গে ছিলাম না, আর এখনো নেই। বিষয়টি ইতিমধ্যে ডুমুরিয়া ইউনিয়ন ছাত্রদলের নতুন আহ্বায়ককে জানিয়েছি, আর ফেইসবুকে পোস্ট করেছি।”
অনেকেই তার বক্তব্যকে স্বচ্ছ অবস্থান হিসেবে দেখলেও, কেউ কেউ ছাত্রদলের কমিটি গঠনের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন। আর ইউনিয়ন ছাত্রদলের নেতা-কর্মীরা রাজের এমন বক্তব্যে বিস্ময় প্রকাশ করেছেন। ছাত্রদলের এসব কমিটির অনুমোদন দিয়েছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন ও সদস্য সচিব আব্দুর রহিম।
এ বিষয়ে ইসমাইল হোসেন বলেন, “রাজ নামের ছেলেটি ছাত্রদলের কমিটিতে আসার জন্য আমার কাছে জীবন বৃত্তান্ত জমা দিয়েছিলেন। কিন্তু হঠাৎ তার এই কর্মকাণ্ড আমাকে অবাক করেছে। হাই কমান্ডের সঙ্গে কথা বলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”


প্রকাশিত: June 21, 2025 | সময়: 4:27 am | সুমন শেখ

আরও খবর