বাগমারায় পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

স্টাফ রিপোর্টার, বাগমারা: পূর্বশত্রুতার জেরে বাগমারার গোবিন্দপাড়া ইউনিয়নের মামুদপুর গ্রামে দুটি পুকুরে বিষ ঢেলে দিয়ে ১২ লক্ষাধিক টাকার চাষকৃত মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
জানা গেছে, বিটিসিএল রাজশাহীর জুনিয়র এ্যাসিসট্যান্ট ম্যানেজার মামুদপুর গ্রামের বাসিন্দা আবুল ফজল মোহাম্মদ নুরুননবী করখন্ড মৌজায় গ্রাম সংলগ্ন একটি নিজের ও একটি লিজ নেওয়া পুকুরে মাছচাষ করে আসছেন। সম্প্রতি ওই দুটি পুকুরে মাছচাষ করা নিয়ে গ্রামের একটি পক্ষের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়। এই বিরোধের জেরে ঈদের দিন ভোরে ওই দুটি পুকুরের পানিতে শত্রুতা করে বিষ ঢেলে দেয় দুর্বৃত্তরা। এতে ওই দুটি পুকুরের চাষকরা সব মাছ মরে যায়। এতে আবুল ফজলের প্রায় ১২ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানিয়েছেন।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। দ্রুত তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


প্রকাশিত: জুন ১২, ২০২৫ | সময়: ৪:০৩ পূর্বাহ্ণ | সুমন শেখ