মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় মৎস্য অফিসার জামানের মৃত্যু

মহাদেবপুর প্রতিনিধি :

নওগাঁর মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত উপজেলা মৎস্য স¤প্রসারণ কর্মকর্তা এ কে এম জামান চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে মারা গেছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘ চারদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে বুধবার সকালে তিনি মৃত্যুবরণ করেন। এর আগে গত ৭ জুন ঈদের দিন সন্ধ্যায় মোটরসাইকেল যোগে কর্মস্থল মহাদেবপুর থেকে শ্বশুড় বাড়ি উপজেলার গোফানগর গ্রামে যাচ্ছিলেন।

 

এ সময় পথিমধ্যে মহাদেবপুর-নীতপুর আঞ্চলিক মহাসড়কের ছাতুনতলী বাজার সংলগ্ন পের্ট্রোল পাম্পের পাশে মোটরসাইকেলসহ সড়কের পাশের খাদে সংজ্ঞাহীন মৎস্য অফিসার জামানকে দেখতে পান পথচারীরা।

এ সময় জামানের মুখমুন্ডল থেতলানো ও রক্তাক্ত গুরুতর জখম ছিল। ধারণা করা হচ্ছে রাস্তায় কোনো শিয়াল বা অন্য কোন কিছুর সাথে দূর্ঘটনায় পতিত হয়ে রাস্তা থেকে ছিটকে পড়েন তিনি। গুরুতর আহত অবস্থায় একজন অটোচার্জার চালক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

খবর পেয়ে ওইদিন রাতেই উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাগন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে দেখতে যান এবং মৎস্য কর্মকর্তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। তার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাৎক্ষিক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় বুধবার সকালে তিনি মারা যান।
স্থানীয়রা জানান, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা এ কে এম জামান প্রায় ১২ বছর উপজেলা মৎস্য অফিসে কর্মরত ছিলেন। তিনি উপজেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি হাতুড় ইউনিয়নের গোফানগর গ্রামের আব্দুল মান্নান এর ছোট জামাতা এবং দিনাজপুর জেলা সদরের পিরোজপুর জিন্নাপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

লিয়াকত /শামি


প্রকাশিত: জুন ১১, ২০২৫ | সময়: ১১:০৪ অপরাহ্ণ | Daily Sunshine