সর্বশেষ সংবাদ :

যশের বিলে ফসলি জমিতে চলছে অবৈধ পুকুর খনন

স্টাফ রিপোর্টার, বাগমারা: রাজশাহীর বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের সাজুড়িয়া গ্রামের যশের বিলে চলছে অবৈধ ভাবে পুকুর খনন। ভেকু মেশিন দিয়ে ধান লাগানোর জন্য প্রস্তুতকৃত জমি নষ্ট করে পুকুরের পাড় তৈরীর কাজ করছে স্থানীয় কতিপয় প্রভাবশালী। অতিসত্তর কৃষি জমি রক্ষার দাবি জানিয়েছেন ভুক্তভোগী কৃষকরা।
জানা যায়, প্রশাসনের নির্দেশনার তোয়াক্কা না করে ওই এলাকার আনোয়ার হোসেন মাস্টার, ইসলাম হোসেন, বাবলু মাস্টার সহ কতিপয় প্রভাবশালী অবৈধভাবে সাজুড়িয়া গ্রাম সংলগ্ন যশের বিলে পুকুর খনন করছে। স্থানীয়রা তা বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
ওই বিলের জমি মালিক আবু তাহের, আলতাফ হোসেন, আবু সাইদ সহ বেশকিছু কৃষক জানান, যশের বিলের প্রায় অংশ ইতোপূর্বে অবৈধ ভাবে পুকুর খনন করা আছে। এই এলাকায় মাত্র দেড়শ থেকে দুইশ বিঘা জমিতে ধানের চাষাবাদ হচ্ছে। যশের বিলের চাষাবাদের ওই অংশটুকু রক্ষার দাবি জানিয়েছেন তারা।
এদিকে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ওই বিলের অর্ধেকেরও বেশী পরিমাণ ফসলী জমিতে পুকুর খনন করা হয়। এতে অবশিষ্ট কৃষি জমি চাষাবাদে ঠিকমত পানি সেচ করতে না পেরে অথবা জলাবদ্ধতায় নানা দুর্ভোগ দেখা দেয়। তবুও অবশিষ্ট জমিতে ধান চাষ করে মাড়াই হলে গো-খাদ্য হিসেবে খড় এবং অন্যান্য প্রয়োজনে ধানের চাষাবাদ অব্যাহত রাখতে চায় কৃষকরা।
আনোয়ার হোসেন মাস্টারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেনি।
এ ব্যাপারে বাগমারার সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভুঞা জানান, অবৈধ ভাবে পুকুর খননকারীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেয়া হবে।


প্রকাশিত: February 18, 2026 | সময়: 4:49 am | সুমন শেখ

আরও খবর