ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন সংশোধনে পরামর্শের আহ্বান জানালেন মহাপরিচালক

স্টাফ রিপোর্টার: ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন-২০০৯ সংশোধনের জন্য সকলের পরামর্শ আহ্বান করেছেন আইনটি বাস্তবায়নের দায়িত্বে নিয়োজিত অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান। বৃহস্পতিবার বেলা ১১টায় রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক এক সেমিনারে তিনি এ আহ্বান জানান।
মহাপরিচালক বলেন, আইনটিতে কিছু অসামঞ্জস্য চোখে পড়েছে। তাই আমরা আইন হালনাগাদ করতে প্রস্তাবনা দেওয়ার জন্য পত্রিকাতে বিজ্ঞাপন দিয়েছি। আইনে কোনো কোনো ক্ষেত্রে ভোক্তার ক্ষমতা খর্ব করা হয়েছে। আমরা আইনটি আরও সুন্দর করতে চাই।
তিনি বলেন, বাংলাদেশ একটি ছোট দেশ কিন্তু এর লোকসংখ্যা সতেরো কোটির বেশি। এই লোকেরা সবাই সবার আত্মীয় কিন্তু কেউ কাউকে বিশ্বাস করতে পারে না। আমাদের মৌলিক চাহিদার প্রথমটি হচ্ছে খাদ্য। কিন্তু এ খাদ্য আমার খাওয়ার উপযোগী কিনা তা নিশ্চিত হতে পারছি না। এর কারণ নৈতিকতার ঘাটতি।
তিনি বলেন, স্বাধীনতার চুয়ান্ন বছর পর কেউ যদি কাউকে বিশ্বাস করতে না পারে তাহলে তা দুর্ভাগ্যজনক। এ সমস্যা সমাধানে তিনি নৈতিকভাবে সৎ ব্যবসায়ীশ্রেণি গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। তিনি বলেন, ঈদের আগে আমরা আমাদের ভোক্তা অর্থাৎ সেবা গ্রহীতাদের সেবা দিয়ে তাদের অধিকার সমুন্নত রাখবো। এ সময় তিনি ঈদের জন্য পশু কেনায় সাবধানতা অবলম্বনের আহ্বান জানান এবং নির্দিষ্ট স্থানে কোরবানি করতে সকলের প্রতি অনুরোধ জানান।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আব্দুল আলীম। স্বাগত বক্তব্য দেন, ভোক্তা-সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ইব্রাহীম হোসেন। অনুষ্ঠানে বিভাগীয় পর্যায়ের দপ্তর প্রধান, ক্যাবের প্রতিনিধিবৃন্দ এবং অন্যান্য অংশীজনেরা অংশগ্রহণ করেন।


প্রকাশিত: মে ৩০, ২০২৫ | সময়: ৪:২৮ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর