, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলা তথ্য অফিসের আয়োজনে বুধবার (২৮মে) দুপুর বারোটায় পুঠিয়া শহীদ নাদের আলী বালিকা বিদ্যালয় ও কলেজ মাঠে ‘তারুণ্যনির্ভর বাংলাদেশ বিনির্মাণ’ বিষয়ক এক আলোচনা সভা ও সংগীতানুষ্ঠান অুনষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা তথ্য অফিসের উপপরিচালক নাফেয়ালা নাসরিন-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. রুহুল আমিন। এ সময় সহকারী অধ্যাপক মো. রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক মো. আ. গফুর এবং রাজশাহী মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক আল আমিন হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথির বক্তৃতায় রুহুল আমিন বলেন, বাংলাদেশের অগ্রগতির মূল চালিকাশক্তি হচ্ছে তরুণ প্রজন্ম। বায়ান্নর ভাষা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান ও একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে জুলাই গণঅভ্যুত্থান পর্যন্ত প্রতিটি গুরুত্বপূর্ণ সময়ে তরুণরাই নেতৃত্ব দিয়েছে। আজকের যুব সমাজকে প্রযুক্তি, আইসিটি ও কারিগরি শিক্ষায় দক্ষ করে গড়ে তুললেই আগামীর নেতৃত্ব গতিশীল ও উন্নয়নমূখী হবে।
তারুণ্যের শক্তি শুধু সংখ্যাগত নয়, এটি গুণগত রূপান্তরের হাতিয়ার- এমন মন্তব্য করে তিনি বলেন, আমরা যদি তরুণদের যথাযথ দিকনির্দেশনা দিতে পারি, তবে তারাই হবে আগামীর বাংলাদেশ বিনির্মাণের মূল কারিগর। জুলাই গণঅভ্যুত্থানের পরে যখন পুলিশ ছিলনা তখন তরুণরাই ট্রাফিকের দায়িত্ব পালন এবং বাজার মনিটরিং করেছে। তারা এখন নিজেরাও আইন সম্পর্কে সচেতন হচ্ছে।
এর আগে একই স্থানে রাজশাহী জেলা তথ্য অফিসের নিয়মিত শিল্পীরা বৈষম্যহীন ও তারুণ্যনির্ভর বাংলাদেশ বিনির্মাণ বিষয়ক উদ্বুদ্ধকরণ সংগীত পরিবেশন করে।