সর্বশেষ সংবাদ :

বাগমারায় হাটে গরু নিয়ে যাওয়ার পথে গাড়ি উল্টে ব্যবসায়ীর মৃত্যু

স্টাফ রিপোর্টার, বাগমারা: রাজশাহীর বাগমারার তাহেরপুরে কোরবানির গরু বিক্রয়ের জন্য ভটভটি গাড়িতে করে পাবনায় যাওয়ার পথে সাজেদুর রহমান (৩৪) নামের এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার সকাল নয়টার দিকে তাহেরপুরের বুড়ির বাড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাজেদুর রহমান রাজশাহীর দুর্গাপুর উপজেলার গোপালপুর গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের মকছেদ আলীর ছেলে। পেশায় তিনি মুদিদোকানি হলেও পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে প্রতিবছর গরু পালন করে তা বিক্রি করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, তিনটি গরু নিয়ে সাজেদুর রহমান ভটভটিতে করে পাবনার আতাইকুলা হাটে যাচ্ছিলেন। ভটভটির সামনের অংশে তিনি বসা ছিলেন তিনি। তাহেরপুরের বুড়ির বাড়ি মোড়ে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এসময় গাড়িটি উল্টে যায়। এতে সাজেদুর গাড়ির নিচে চাপা পড়েন। গরুগুলোও আঘাত প্রাপ্ত হয়। আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, গোপালপুর বাজারে সাজেদুরের একটি মুদিদোকান আছে। কয়েক বছর ধরে সে ব্যবসার পাশাপাশি বাড়িতে গরু পালন করে কোরবানির ঈদের আগে বেশি লাভের আশায় ঢাকা, পাবনাসহ বড় বড় হাটগুলোতে গরু নিয়ে গিয়ে বিক্রি করতেন। এবার পাবনায় যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হয়ে পথেই মারা গেলেন সাজেদুর।
তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক সোহায়েল রানা বলেন, সকাল নয়টার দিকে তাহেরপুরের বুড়ির বাড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি ক্ষতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


প্রকাশিত: May 25, 2025 | সময়: 4:19 am | সুমন শেখ