, , ।
স্টাফ রিপোর্টার: কোরবানির ঈদকে সামনে রেখে সারাদেশের মতো রাজশাহীতেও বৃহস্পতিবার থেকে ট্রাকে করে তিনটি নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় কার্যক্রম শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। তবে পণ্যের মূল্য উল্লেখযোগ্য হারে বাড়ানোয় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন ভোক্তারা।
টিসিবির নতুন মূল্য তালিকা অনুযায়ী, আগে প্রতি কেজি চিনি ৭০ টাকায় বিক্রি হলেও এখন তা ৮০ টাকায়, ৬০ টাকার মুসুর ডাল বিক্রি হচ্ছে ৮০ টাকায় এবং প্রতি লিটার ভোজ্যতেলের দাম ১০০ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
মূল্যবৃদ্ধি নিয়ে অসন্তোষ প্রকাশ করে ভোক্তারা বলছেন, বাজার মূল্যের সঙ্গে টিসিবির পণ্যের দামের তেমন কোনো পার্থক্য না থাকলে নিম্ন আয়ের মানুষদের জন্য এসব পণ্য আর সহায়কর হবে না। বরং, এতে করে তারা আরও বিপাকে পড়ছেন।
টিসিবির রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক আতিকুর রহমান জানিয়েছেন, নগরীর ৩০টি ওয়ার্ডে নির্ধারিত ১০টি পয়েন্টে প্রতিদিন চার হাজার পরিবার টিসিবির পণ্য ন্যায্যমূল্যে ক্রয়ের সুযোগ পাবেন। পাশাপাশি, কার্ডধারীদের মধ্যেও প্রতি মাসে নিয়মিতভাবে পণ্য সরবরাহ অব্যাহত রয়েছে।
ভোক্তারা টিসিবির প্রতি আহ্বান জানিয়েছেন, মূল্যছাড়ের সুবিধা বাস্তবিক অর্থে কার্যকর করতে হলে পণ্যের দাম পুনর্বিবেচনা করা জরুরি, যেন প্রকৃতপক্ষে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ উপকৃত হতে পারেন।