, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে মিথ্যা পরিচয় ব্যবহার করে গরু ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার দুপুরে রাজশাহী শহরের গুলশান হোটেল থেকে তাঁদের আটক করা হয়। আটক দুজন হলেন মো. মেহেদী হাসান (৫৫) এবং মো. নিজাম উদ্দিন (৭১)। তাঁরা যথাক্রমে নেত্রকোনা ও নোয়াখালীর বাসিন্দা।
বিজিবির এক কর্মকর্তা জানান, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর ১টার দিকে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এর আগে তারা গরু ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে বলেন, ভারত থেকে গরু আনতে তাদের “উচ্চপর্যায়ে” সংযোগ আছে। এজন্য গরুপ্রতি ৩৫ হাজার টাকা এবং মোট ২০ লাখ টাকা অগ্রিম দাবি করেন।
আটক ব্যক্তিদের একজন নিজাম উদ্দিন ও মেহেদী হাসান বিভিন্ন জনের কাছে প্রতারণা করে বলেন, তাদের অনেক উপরে পরিচয় আছে। সীমান্তে গরু পারাপারে কোনো বাধা থাকবে না। সীমান্ত খুলে দেওয়া হবে।
প্রতারণার বিষয়টি টের পেয়ে একাধিক ভুক্তভোগী বিজিবিকে অবহিত করলে অভিযান পরিচালনা করা হয়। পরে তাঁদের রাজশাহী ব্যাটালিয়ন সদরে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা গরু চোরাচালানের মধ্যস্থতাকারী হিসেবে অবৈধ লেনদেনের কথা স্বীকার করেন।
বিজিবি জানায়, এই প্রতারক চক্রটি দীর্ঘদিন ধরে ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ আদায় করে আসছিল। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।