বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: নতুন প্রতিভাবান রেফারি তৈরীর উদ্দেশ্যে রাজশাহীতে শুরু হয়েছে ৫ দিনব্যাপী রেফারি প্রশিক্ষণ কোর্স। মঙ্গলবার (১৩মে) সকালে জেলা মুক্তি যুদ্ধ স্মৃতি স্টেডিয়ামের সভাকক্ষে রাজশাহী জেলা ফুটবল রেফারিজ এসোসিয়েশনের আয়োজনে রেফারি প্রশিক্ষণ কোর্সটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সার্বিক তত্বাবধানে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণে ৪৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছে। এর মধ্যে ৫ জন নারী প্রশিক্ষণার্থী রয়েছে।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের হেড অফ রেফারিজ আজাদ রহমান, এএফসির সাবেক এলিট রেফারি শহিদুল ইসলাম লালু, সার্বিক তত্বাবধাক ও জেলা রেফারি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোসাদ্দেকুল কুদ্দুস সিদ্দিকী সেলিম, এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট শাহিনুজ্জামান, আমিনুল ইসলাম, রেজা, আখতার, জানে আলম, বুলুসহ অন্যান্য রেফারি এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ।