বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাট সদরের পুরানাপৈল এলাকায় ইটভাটার নির্গত গ্যাসে ৯১ বিঘা জমির বোরো ধানসহ বিভিন্ন ফসল পুড়ে নষ্টের ঘটনায় ৯৫ জন কৃষকের মাঝে ক্ষতিপূরণ প্রদান করলেন উপজেলা প্রশাসন।
সম্প্রতি জেলা সদরের পূরানাপৈল এলাকার আরএনবি নামক ইটভাটার নির্গত গ্যাসে ৯৫ জন কৃষকের জমির ধান, কলা ও ভুট্টাসহ বিভিন্ন ফসল পুড়ে নষ্ট হয়ে যায়। ইটভাটা তৈরীর পর হতে বারবার এমন ক্ষতিগ্রস্থ হওয়ায় এঘটনার বিচারের দাবিতে গত ২৭ এপ্রিল হিলি-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়ক অবরোধসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করে ক্ষতিগ্রস্থ কৃষকেরা।
পরে উপজেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্থ ফসলের মাঠ পরিদর্শন করে জমির পরিমান ও ফসলের প্রকৃতি অনুসারে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা নেন। মঙ্গলবার দুপুরে সদর উপজেলা পরিষদ হলরুমে ৯৫ জন কৃষকদের মাঝে মোট ৮ লাখ ৫১ হাজার ৮৭০ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম, সহকারী কমিশনার ভুমি রাজিব কুমার বিশ্বাস, জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা, পুরানাপৈল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরমান আলী হিরো প্রমুখ।
জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম জানান, ইটভাটা মালিকের সহযোগিতায় ৯৫ জন কৃষকের মাঝে ক্ষতিপূরণ বাবদ অর্থ দেওয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তরের কাছে আমরা জানিয়েছি, পরিবেশ ছাড়পত্র আছে কিনা তা অধিকতর তদন্ত করে পরিবেশ অধিদপ্তরের প্রতিবেদন স্বাপেক্ষে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।