, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সাইবার ক্রাইম ইউনিটের প্রযুক্তিগত সহায়তায় এপ্রিল ২০২৫ মাসে উদ্ধারকৃত ৩১টি হারানো মোবাইল ফোন (১২ মে) মালিকদের মাঝে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।
রাজশাহী আরএমপি সদর দপ্তরে আয়োজিত এ হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। তিনি নিজ হাতে উদ্ধারকৃত মোবাইলগুলো মালিকদের কাছে ফিরিয়ে দেন। ইতিমধ্যে বিভিন্ন থানার সহায়তায় আরও ৪৩টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।
সাইবার ক্রাইম ইউনিটের আধুনিক প্রযুক্তির সহায়তায় শুধু রাজশাহী নয়, দেশের অন্যান্য জেলা থেকেও হারানো মোবাইল ফোনগুলো শনাক্ত ও উদ্ধার করা হয়।
অনুষ্ঠানে পুলিশ কমিশনার জানান, এ ধরনের উদ্যোগে সাধারণ মানুষের আস্থা যেমন বাড়ছে, তেমনি প্রযুক্তিনির্ভর জনসেবা কার্যক্রম পুলিশের মানবিক অবস্থানকে তুলে ধরছে। তিনি আরও বলেন, “হারানো মোবাইল উদ্ধারের খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে জনসচেতনতা বাড়বে এবং অপরাধীরাও সতর্ক বার্তা পাবে।”
ফোন ফিরে পাওয়া মালিকরা আরএমপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “শুধু হারানো জিনিসই নয়, আমরা ফিরে পেয়েছি পুলিশের প্রতি নতুন আস্থা।”