সর্বশেষ সংবাদ :

দুর্গাপুরে নিখোঁজ যুবকের ঝুলন্ত মরদেহ মিললো পানবরজে

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: আগের দিন বাড়ি থেকে নিখোঁজ হন রাসেল মোল্লা (২৬)। পরের দিন তার মরদেহ মিলেছে বাড়ির পাশের একটি পানবরজে। ঘটনাটি ঘটেছে রাজশাহীর দুর্গাপুর উপজেলার শ্যামপুর গ্রামে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে।
শুক্রবার দিবাগত রাতে উপজেলার শ্যামপুর গ্রামের নাছের মোল্লার ছেলে রাসেল মোল্লার ঝুলন্ত মরদেহ পানবরজের পাশ থেকে উদ্ধার করা হয়েছে। এর আগের দিন নিখোঁজ হন রাসেল মোল্লা।
স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যা থেকে রাসেল নিখোঁজ হয়। পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে শনিবার সকালে তার চাচা আব্বাস মোল্লার পানবরজে বাঁশের সাথে নিখোঁজ রাসেলের ঝুলন্ত মৃতদেহটি দেখতে পান।
নিহতের চাচাতো ভাই রিপন মোল্লার অভিযোগ, রাসেলকে রাতের কোন এক সময় কেউ হত্যা করে মরদেহ পানবরজের সঙ্গে ঝুলিয়ে রেখেছে। আমরা হত্যাকারীদের খুজে বের করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।
ইউপি সদস্য আমজাদ হোসেন জানান, রাসেল একজন পানচাষী। তাদের সুখী পরিবার। সহজ সরল একজন যুবক। হঠাৎ নিখোঁজের পর পানবরজে লাশ দেখে আমরা হতবাক। এলাকায় তার সাথে কোন মানুষের শক্রতার কথা শোনা যায়নি। আমাদের বিশ্বাস হচ্ছেনা যে তাকে কেউ হত্যা করতে পারে।
এদিকে, শনিবার সকালে থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা বলেন, খবর পেয়ে যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।


প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৫ | সময়: ৪:২৭ পূর্বাহ্ণ | সুমন শেখ