সর্বশেষ সংবাদ :

নওগাঁর পত্নীতলা উপজেলা বিএনপির সভাপতি মোকছেদুল সাধারণ সম্পাদক ফারুক

স্টাফ রিপোর্টার, নওগাঁ ও পত্নীতলা প্রতিনিধি: প্রায় এক যুগ পর নওগাঁর পত্নীতলা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে মোকছেদুল হক ও সাধারণ সম্পাদক পদে আব্দুল্লাহ আল ফারুক নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক দুটি পদে নজরুল ইসলাম ও রমজান আলী কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছেন।
সোমবার বিকেল সাড়ে ৫টায় নজিপুর মিনি স্টেডিয়াম মাঠে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ভোটাভুটি শেষে কমিটির নাম ঘোষণা করেন সম্মেলনের প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সমবায়বিষয়ক সম্পাদক নজমুল হক। এর আগে সকাল ১০টা থেকে পত্নীতলা উপজেলা বিএনপির নতুন নেতত্ব গঠনের লক্ষ্যে নজিপুর সিদ্দিকীয়া ফাযিল মাদ্রাসায় কাউন্সিলর ডেলিগেটদের অংশগ্রহণে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ চলে বিকেল ৩টা পর্যন্ত।
দীর্ঘদিন পর কাউন্সিলকে ঘিরে দলটির স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ছিল। এর আগে কয়েক দিন ধরে দলীয় পদপ্রত্যাশীরা শহর ও গ্রামে মাইকিং করে প্রচার-প্রচারণা করেছেন।
পত্নীতলা উপজেলা বিএনপির কাউন্সিলে সভাপতি পদে মোকছেদুল হক ও নওশাদ আলী বিশ্বাস ও আব্দুস সালাম প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সাধারণ সম্পাদক পদে আব্দুল্লাহ আল ফারুক, আবু ইউসুফ ও তোফাজ্জল হোসেন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এছাড়া সাংগঠনিক দুটি পদে ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
এ নির্বাচনে উপজেলার ১১টি ইউনিয়ন বিএনপির মোট ৭৩৫ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৬৮২জন। নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ছিলেন জেলা বিএনপির সদস্য এমদাদুল হক মুকুল।
সম্মেলনের ভোটাভুটি পর্ব শেষে বিকেলে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন পত্নীতলা উপজেলা বিএনপির আহবায়ক আক্কাস আলী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সমবায় বিষয়ক সম্পাদক নজমুলক হক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক আবু বক্কর সিদ্দিক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল হক, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক মামুনুর রহমান রিপন, সদস্য মাসুদ হাসান তুহিন প্রমুখ।
এর আগে ২০১৩ সালে সম্মেলনের মাধ্যমে পত্নীতলা উপজেলা বিএনপির সর্বশেষ দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।


প্রকাশিত: April 16, 2025 | সময়: 6:59 am | সুমন শেখ