সর্বশেষ সংবাদ :

আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে আহত ৭ : লালপুরে আওয়ামী লীগের দেড়’শ নেতাকর্মীর নামে মামলা, আটক ৭

লালপুর প্রতিনিধি: নাটোরের লালপুরে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে ১ জন গুলি বিদ্ধ সহ অন্তত ৭ জন আহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার রামকৃষ্ণপুর ঈদগাহ মাঠে ঈদের নামাজ শেষে জয় বাংলা স্লোগান দেওয়াকে কেন্দ্র করে দু’দলের কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।
ঘটনার দিন দুপরে রামকৃষ্ণপুর এলাকায় অভিযান চালিয়ে লালপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আফতাব হোসেন ঝুলফুর ছেলে মেহেদী হাসান মুন সহ (২৯) ৭ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার উপজেলা আওয়ামী লীগ সভাপতি আফতাব হোসেন ঝুলফু ও স্থানীয় ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবু বকর সিদ্দিক পলাশ সহ ১৫০ জনকে আসামী করে থানায় মামলা হয়েছে।
প্রত্যক্ষ দর্শীরা জানান, সকাল ৯টার দিকে রামকৃষ্ণপুর ঈদগাহ মঠে নামাজ শেষে বাড়ি ফেরার সময় জয় বাংলা স্লোগান দিতে থাকে আওয়ামী লীগ কর্মীরা। এসময় বিএনপি কর্মীদের সাথে কথা কাটাকাটির একপর্যায়ে সাব্বির (২৪) নামের এক বিএনপি কর্মীকে মার পিট করে।
পরে বেলা ১১টার দিকে লাঠি সোটা ও আগ্নেয়াস্ত্র সহ ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এসময় প্রায় ৪০ রাউন্ড গুলির শব্দ শোনা গেছে। গুলিতে আহত হয়েছেন সুজাত (৩০) নামের এক বিএনপি কর্মী। গুলি বিদ্ধ সুজাতকে রাজশাহী হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
এ ঘটনার নিন্দা জানিয়ে মঙ্গলবার জামায়াতে ইসলামী ও বিএনপি পৃথক পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। তারা অবিলম্বে গুলি বর্ষণের ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবী জানান।
লালপুর থানার ওসি নাজমুল হক জানান, পুলিশ ও সেনা সদস্যরা ঘটনা স্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এঘটনায় থানায় মামলা হয়েছে । এজাহার নামীয় ৭ জনকে আটক করা হয়েছে বাকিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।


প্রকাশিত: April 4, 2025 | সময়: 2:49 am | সুমন শেখ