, , ।
স্টাফ রিপোর্টার,বাঘা :
রাজশাহীর বাঘায় বিএনপির বিরুদ্ধে উপজেলা জামাতের বিক্ষোভ মিছিলের একদিন পর পাল্টা মিছিল করেছে বিএনপি । সেই মিছিলে তাদের রাজাকার আক্ষাদিয়ে দেশ ত্যাগের স্লোগান দিয়েছেন বিএনপির নেতা কর্মীরা । এতে করে এখন উভয় দলের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অনেকেই ধারনা করছেন ,যে কোন মুহুর্তে তাদের মধ্যে ফের সংঘর্ষের ঘটনা ঘটতে পারে।
দলীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১ এপ্রিল) বিকেল সাড়ে ৫ টায় বাঘা উপজেলা জামায়াতের উদ্যোগে বাঘা পেট্রোলপাম্প থেকে শুরু হওয়া একটি বিক্ষোভ মিছিল বাঘা বাজারে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। সেই প্রতিবাদ সমাবেশে উপজেলার বাউসা ইউনিয়নে বিএনপি কর্তৃক জামাত-শিবির এর পাঁচ নেতা কর্মীর উপর হামলা, বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ভাংটুর এবং লুটপাট-সহ মোটর সাইকেলে আগুন দেয়ার প্রতিবাদ জানান জামাত নেতারা । এর আগের দিন বাদ মাগরিব তারা বিএনপির বিরুদ্ধে একটি সংবাদ সম্মেলন করেন।
প্রতিবাদ সমাবেশে জামাত নেতারা বলেন, উপজেলার বাউসা ইউনিয়নে বিএনপির স্বেচ্ছাচারিতা ও দুর্ণীতির প্রতিবাদে গত ৫ মার্চ মানব বন্ধন করার জের ধরে ৩০ মার্চ রাতে তারা আমাদের নেতা-কর্মীর গায়ে হাত তুলে পাঁচজনকে আহত করেছে। আহতদের মধ্যে একজন রামেক হাসপাতালে ও দু’জন স্থানীয় উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা রয়েছেন। এ নিয়ে আমাদের দলের পক্ষ থেকে থানায় অভিযোগ করেছি। কিন্তু প্রশাসন কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি বরং গড়িমসি করছে। বক্তারা প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন, “আপনারা আমাদের হয়রানি করছেন। যদি দ্রুত ব্যবস্থা না নেন, ভবিষ্যতে কোনো ঘটনা ঘটলে এর দায় আপনাদের নিতে হবে।”
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী রাজশাহী জেলা সূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক মিনহাজুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সেক্রেটারি মাওলানা শফিকুল ইসলাম, বাঘা উপজেলা জামায়াতের সাবেক আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা জিন্নাত আলী, বাঘা পৌরসভার সাবেক আমির অধ্যাপক সাইফুল ইসলাম, উপজেলা জামায়াতের সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা জামায়াতের সেক্রেটারি ইউনুস আলী, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজশাহী জেলা পূর্ব শাখার সভাপতি মো. রুবেল আলী, সেক্রেটারি আব্দুর রবসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এদিকে জামাতে ইসলামীর এই মিছিল করার একদিন পর (৩-এপ্রিল) দুপুর সাড়ে ১২ টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাঘা উপজেলা ও বাঘা পৌর বিএনপির উদ্যোগে পাল্টা বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ ও তাদের সহয়োগী সংগঠন ।
বাঘা উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান ফকরুল হাসান বাবলু বলেন, বিএনপির বিরুদ্ধে জামাত-শিবিরের মিথ্যাচারের প্রতিবাদে আজ বৃহস্পতিবার উপজেলা আম চত্বরে আমরা একটি বিক্ষোভ মিছিল ও পথসভা করে প্রতিবাদ জানিয়েছি। এ সময় উপস্থিত ছিলেন দলের সদস্য সচিব আশরাফ আলী মলিন,বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, থানা বিএনপির নেতা মুখলেছুর রহমান মুকুল,বাঘা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সুরুজ্জামান সুরুজ, থানা যুবদল নেতা শফিকুল ইসলাম শফি, বাঘা পৌর স্বেচ্ছা সেবক দল আহবায়ক তহিদুল ইসলাম পলান, বাঘা থানা সদস্য সচিব পলাশ সরকার প্রমুখ।
বক্তারা বলেন, গত রোববার(৩০ মার্চ) মাগরিব নামাজের পর জামায়াতের লোকজন অতর্কিত হামলা চালিয়ে বাউসা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি রাজিব আহমেদ মন্ডলকে কুপিয়ে জখম করেছে। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৫ নং ওয়ার্ডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি)আ.ফ.ম আসাদুজ্জামান বলেন, বাউসার ঘটনায় জামাত-বিএনপি দ্বন্দ্বে উভয় সংগঠনের পক্ষ থেকে পৃথক দুটি অভিযোগ রেকর্ড করা হয়েছে । বিষয় গুলো তদন্তাধীন। তবে কোন দল যদি রাস্তায় তাদের দাবি দাওয়া নিয়ে মিছিল-মিটিং করে এ ক্ষেত্রে আমাদের কিছু করার নেই । কেবল আইন শৃঙ্খলা বিঘ্নিত এবং জনগনের জান-মালের ক্ষয়ক্ষতি হলে পুলিশ তখন আইনগত ব্যবস্থা নিবেন।
সানশাইন /নুরুজ্জামান /শামি