সর্বশেষ সংবাদ :

রাজশাহীর ৯১৩ চালকলের শাস্তির সুপারিশ

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিভাগের ৯১৩টি চালকলের বিরুদ্ধে শাস্তির সুপারিশ দিয়েছে আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক দপ্তর। বৃহস্পতিবার খাদ্য মন্ত্রণালয়ে এ সুপারিশ পাঠিয়েছে তারা। চালকলের বিরুদ্ধে কী শাস্তি নেওয়া হবে তা ঠিক করবে মন্ত্রণালয়।
মূলত সরকারি গুদামে চাল দেওয়ার চুক্তি না করা ও ঠিকমতো চাল না দেওয়ার কারণে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে তাদের লাইসেন্স বাতিলে সুপারিশ করা হয়েছে।
রাজশাহীর আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক দপ্তর সূত্রে জানা গেছে, সরকারি গুদামে চাল দেওয়ার চুক্তি না করা ও ঠিকমতো চাল না দেওয়ায় ৯১৩ মিলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ করা হয়েছে। এদের মধ্যে চুক্তিযোগ্য ছিল কিন্তু চাল দেওয়ার চুক্তি করেনি এমন মিলের সংখ্যা ৭৫১টি। এর মধ্যে ৪৫ টি অটো রাইস মিলস। আর বাকিগুলো হাসকিং মিলস। এছাড়া চুক্তি করে গুদামে চাল দেয়নি এমন মিলের সংখ্যা ১৬২টি। এর মধ্যে লক্ষ্যমাত্রার ৮০ শতাংশ চাল দিয়েছে এমন মিলের সংখ্যা ৩০টি। আর ৫০ শতাংশ চাল দিয়েছে এমন মিলের সংখ্যা ৭১টি।
এ বিষয়ে রাজশাহী আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক দপ্তরের সহকারি উপপরিচালক ওমর ফারুক বলেন, ‘বিভাগের যেসব মিল চাল দেয়নি বা চুক্তিযোগ্য ছিল কিন্তু চুক্তি করেনি এমন মিল সংখ্যার একটি তালিকা আমরা করেছি। রাজশাহী বিভাগের ৯১৩টি মিলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা সুপারিশ করেছি। তাদের বিরুদ্ধে কি ধরণের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে তা মন্ত্রণালয় ঠিক করবে।’


প্রকাশিত: March 22, 2025 | সময়: 3:04 am | সুমন শেখ