, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী কলেজের মুসলিম ছাত্রাবাসে মশার উপদ্রব ভয়াবহ আকার ধারণ করায় অবশেষে মশা নিধনে উদ্যোগ নিয়েছে ছাত্রাবাস কর্তৃপক্ষ। দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা মশার উৎপাতের কারণে দুর্ভোগ পোহাচ্ছিলেন এবং এ বিষয়ে কর্তৃপক্ষকে বারবার অভিযোগ জানিয়ে আসছিলেন।
অবশেষে, রবিবার (৯ মার্চ) বিকেলে মুসলিম ছাত্রাবাসের ড্রেনগুলোতে মশা নিধনের জন্য স্প্রে করা হয়। এতে আবাসিক শিক্ষার্থীদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।
ছাত্রাবাসের প্রধান তত্ত্বাবধায়ক আবু জাফর মো. মনিরুল ইসলাম জানান, “আমরা প্রাথমিকভাবে দেশি মেশিন ব্যবহার করে মশা নিধনের কাজ শুরু করেছি। আপাতত প্রতি সপ্তাহে একদিন করে স্প্রে করার পরিকল্পনা রয়েছে। তবে এটি কতটা কার্যকর হবে, তা এখনই বলা কঠিন।”
তিনি আরও বলেন, “মশার উপদ্রব বৃদ্ধির মূল কারণ হলো ড্রেনেজ ব্যবস্থার অবনতি। এ নিয়ে আমরা সিটি কর্পোরেশনের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেছি। তারা রমজানের আগেই ড্রেন পরিষ্কারের আশ্বাস দিলেও এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি।”
শিক্ষার্থীরা দ্রুত স্থায়ী সমাধানের দাবি জানিয়ে বলেছেন, শুধুমাত্র স্প্রে করলেই সমস্যার স্থায়ী সমাধান হবে না, প্রয়োজন ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম।